দুজনের সম্পর্কটা আগে থেকেই তিক্ত। কিন্তু রমিজ রাজা ও মোহাম্মদ ইউসুফ কয়েক দিন আগে যেভাবে বচসা করলেন, সেটা সব ভব্যতার সীমাই ছাড়িয়ে গেল। মোহাম্মদ আমিরের পাকিস্তান দলে ফেরা নিয়ে জিয়ো টিভিতে একটা টকশোতেই দুজন রীতিমতো কাদা ছোড়াছুড়ি শুরু করেন। শুরুটা করেছিলেন রমিজ, ইউসুফকে সরাসরি মিথ্যুক বলেন তিনি। ইউসুফও কম যান না, চট করে বলে বসেন, ‘আপনি ক্রিকেটের কী বোঝেন? ৫৭ টেস্টে যার দুটি মাত্র সেঞ্চুরি, সে ক্রিকেট নিয়ে কীভাবে কথা বলে? আপনি তো একজন ইংরেজির শিক্ষক ছাড়া আর কিছুই না।’ রমিজ কি আর থেমে থাকেন, বলতে থাকেন ইউসুফই পাকিস্তানের ক্রিকেটকে নষ্ট করেছেন। ইউসুফের দাবি, রমিজের মতো নির্লজ্জ লোক আর জীবনে দেখেননি। বুঝুন অবস্থা! এত কথার ভিড়ে অবশ্য আমিরকে নিয়ে বিতর্কটা হারিয়েই গেছে। উপস্থাপকই বাধ্য হয়েছেন দুজনকে থামিয়ে দিতে! জি নিউজ।