
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন শিহরণ জাগানো এক দল। কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যেন কেমন মিইয়ে যায়। বাংলাদেশ এখনো যেন শিক্ষানবিশ। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশের এই নাজুক অবস্থানের জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করেন অনেকে। কিন্তু পরিসংখ্যান জানাচ্ছে ভিন্ন কথা। গত তিন বছরে ওপেনিং জুটির গড় হিসেবে বাংলাদেশের ওপেনারদের স্থান সবার ওপরে।!
২০১২ সালের পর থেকে পরিসংখ্যান ঘেঁটে জানা গেছে, এই দীর্ঘ সময়ে টেস্ট দলের হয়ে কমপক্ষে পাঁচটি ইনিংসে ওপেন করতে নামা জুটিদের মধ্যে তামিম ইকবাল ও ইমরুল কায়েস বেশ বড় ব্যবধানে এগিয়ে। তাঁদের ওপেনিং জুটির গড় ৮৭.১১। দ্বিতীয় স্থানে দুই ইংলিশ ওপেনার নিক কম্পটন ও অ্যালিস্টার কুক, তাঁদের গড় ৫৭.৯৩। তৃতীয় চলতি ওভাল টেস্টে শেষবারের মতো জুটি বেঁধে ব্যাট করতে নামা ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার। তাঁরা জুটি বেঁধে গড়ে ৫১.৩২ রান তুলেছেন।
আরেকটি ক্ষেত্রে সবার ওপরে বাংলাদেশের দুই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের ওপেনিং জুটি গড়েছিলেন ইমরুল-তামিম। পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ওপেনিং জুটিতে গত তিন বছরে ৩০০ রান করতে পারেননি অন্য কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় শিখর ধাওয়ান ও মুরালি বিজয়ের। ভারতীয় যুগলের সর্বোচ্চ সংগ্রহ ২৮৯ রান। তবে এই সময়ে জুটিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ান জুটি ওয়ার্নার ও রজার্স। এই দুই ওপেনার এই সময়ে মোট ২০৫৩ রান তুলেছেন ১৪১ ইনিংসে। এই সময়ে নয়টি শতরানের জুটিও গড়েছেন এই দুই ওপেনার। বাংলাদেশের দুই ওপেনারের মিলিত সংগ্রহ ১০ ইনিংসে ৭৮৪ রান, শতরানের জুটি দুটি।
২০১২ সালের পর থেকে শীর্ষ দশ ওপেনিং জুটির তালিকা :
| জুটি | ইনিংস | গড় | মোট রান | শত রানের জুটির সংখ্যা | সর্বোচ্চ |
| তামিম ইকবাল- ইমরুল কায়েস (বাংলাদেশ) | ১০ | ৮৭.১১ | ৭৮৪ | ২ | ৩১২ |
| নিক কম্পটন- অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) | ১৭ | ৫৭.৯৩ | ৯২৭ | ৩ | ২৩১ |
| ক্রিস রজার্স- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) | ৪১ | ৫১.৩২ | ২০৫৩ | ৯ | ২০০ |
| শিখর ধাওয়ান- মুরালি বিজয় (ভারত) | ২৪ | ৫০.২০ | ১২০৫ | ২ | ২৮৯ |
| এড কাওয়ান - ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) | ২৬ | ৪৬.০৩ | ১১৯৭ | ৩ | ২১৪ |
| ক্রিস গেইল- কাইরেন পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ) | ১৭ | ৪৪.১৮ | ৭০৭ | ১ | ২৫৪ |
| দিমুথ করুনারত্নে- কৌশল সিলভা (শ্রীলঙ্কা) | ২৪ | ৩৯.২৯ | ৯৪৩ | ২ | ১২৪ |
| আলভিরো পিটারসন- গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) | ৩৬ | ৩৭.৮৫ | ১২৮৭ | ৪ | ১৩৮ |
| পিটার ফুলটন- হামিশ রাদারফোর্ড (নিউজিল্যান্ড) | ২১ | ৩৩.১৯ | ৬৯৭ | ১ | ১৫৮ |
| অ্যালিস্টার কুক- অ্যান্ড্রু স্ট্রাউস (ইংল্যান্ড) | ২০ | ২৮.২০ | ৫৬৪ | ১ | ১২২ |