তূণে নতুন 'বিষ' যোগ করছেন আবু হায়দার

এশিয়া কাপে দারুণ কিছুর আশায় আবু হায়দার। প্রথম আলো ফাইল ছবি
এশিয়া কাপে দারুণ কিছুর আশায় আবু হায়দার। প্রথম আলো ফাইল ছবি

গত এশিয়া কাপও খেলেছেন আবু হায়দার। ‘হ্যাঁ, খেলেছি, শুধু ফাইনাল। আমি বড় ম্যাচের খেলোয়াড় কি না!’—বাঁহাতি পেসার হাসেন। আবু হায়দারের কাছে ২০১৬ এশিয়া কাপের স্মৃতি বলতে ভারতের বিপক্ষে ফাইনালে মাত্র ১টা ওভার করা। এবার এশিয়া কাপ আর ১ ওভারে সীমাবদ্ধ নয়, আবু হায়দার চান দুর্দান্ত কিছু করে টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখতে। তাই বিশেষ দুটি অস্ত্রে শাণ দিচ্ছেন বাঁহাতি পেসার।

বোলিং তূণে নতুন কী বিষ যোগ করছেন, সেটিই আজ সংবাদমাধ্যমকে বলেছেন আবু হায়দার, ‘আগে অফ কাটারই বেশি করতাম। এখন ব্যাক অব হ্যান্ড স্লোয়ার আর নাকল বলও করছি। গত দুই সিরিজে এটা করার পর অনুশীলনে এগুলো আরও নিখুঁত করার চেষ্টা করছি।’ কোর্টনি ওয়ালশের ক্লাস তো আছেই। পেসাররা সেখানে কবজির ব্যবহার শিখতেই এখন বেশি ব্যস্ত। আবু হায়দার যেটি শিখতে উদ্‌গ্রীব, ‘ওনার সঙ্গে এখনো কথা হয়নি আমাদের। মাত্রই ছুটি কাটিয়ে দলে যোগ দিয়েছেন। সবাই কথা বলছে কীভাবে কবজি ব্যবহার করা যায়। শরিফুল-খালেদ যাদের উচ্চতা ভালো আছে, ওদের বলেছেন কীভাবে কবজি ব্যবহার করা যায়। তাহলে হয়তো বাউন্স বেশি পাওয়া যায়।’

২০১৫ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে দুর্দান্ত বোলিং করে পাদপ্রদীপের আলোয় আসা। পরের বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক। সেই থেকে এ পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি খেলে ফেললেও টেস্ট, ওয়ানডে এখনো অদেখা বাঁহাতি আবু হায়দারের। ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবু হায়দারের উইকেট মাত্র ৫টি। ৯ ম্যাচে বোলিংয়ের সুযোগ পেয়ে পাঁচটিতেই উইকেটশূন্য। তবে পরিসংখ্যান যে সব সময়ই সত্যি কথা বলে না, তার প্রমাণ সর্বশেষ তিন টি-টোয়েন্টিতে আবু হায়দারের বোলিং।

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুই ম্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভালোই অস্বস্তিতে ফেলেছিলেন। সেই আত্মবিশ্বাস আর অভিজ্ঞতাকে পুঁজি করে এবার ওয়ানডেতেও সাফল্যের পাখা মেলতে চান নেত্রকোনার তরুণ, ‘শেষ দুটি সিরিজে খুব ভালো বোলিং হয়েছে। চেষ্টা করব, ওই ধারাটা ধরে রাখতে।’