করোনাভাইরাস আর্থিকভাবে ভালোই ধাক্কা দিয়েছে ক্রীড়াঙ্গনকে। ফুটবল দুনিয়ায় তোলপাড় পড়ে গেছে। ক্রিকেটেও করোনা ধাক্কা সামলাতে অনেক দেশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই ক্রিকেট চালু হয়ে গিয়েছিল গত বছর। তবু বেশ কটি ক্রিকেট বোর্ড এর মাঝেও নিজেদের আর্থিক অবস্থান সুদৃঢ় করেছে।
বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড পাকিস্তান। তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পরই অবস্থান তাদের। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতির কথা শুনলে অবশ্য অন্য কিছু মনে হতে বাধ্য। বোর্ডের খরচ কমাতে পিসিবির কর্মকর্তাদের দুই কাপের বদলে এক কাপ চা খাওয়ার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা।
পিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ডে অনেক পরিবর্তন আনার চেষ্টা করছেন। সভাপতি হিসেবে শুরুটা এমনিতেও কঠিন হয়েছে তাঁর। শুরুতেই নিউজিল্যান্ড দলকে দেশে এসেও চলে যেতে দেখেছেন। ইংল্যান্ডের ছেলে ও মেয়েদের দলের সফর বাতিল হয়েছে। এভাবে তিনটি সিরিজ বাতিল হওয়ায় কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়েছে পিসিবি।
এই ক্ষতি কাটিয়ে তুলতে রমিজ রাজা নাকি নানা ব্যবস্থা হাতে নিয়েছেন। অন্তত পাকিস্তানের সংবাদপত্রের খবর এমনটাই বলছে। দুই দিন আগে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং উচ্চপদস্থ কর্মকর্তা যাঁদের বেতন বেশি, তাঁদের সতর্ক করে দিয়েছেন।
বোর্ডের কর্মকর্তা, গ্রাউন্ড স্টাফ ও নিচু স্তরের কর্মকর্তাদের ডেকে রমিজ রাজা বলেছেন, ‘আমাদের সবাইকে কাজ করে নিজেদের চাকরি যে ন্যায্য, সেটা প্রমাণ করতে হবে।’ এক প্রতিবেদন অনুযায়ী রমিজ রাজা নাকি বলেছেন, খরচ কমানোর নানা ব্যবস্থা নাকি প্রধানমন্ত্রী ইমরান খানের কাছ থেকে শিখে এসেছেন। প্রধানমন্ত্রীর দপ্তরে কীভাবে খরচ কমিয়েছেন, সেটা নাকি রমিজের কাছে খুলে বলেছেন ইমরান।
পিসিবি সভাপতি নাকি বলেছেন, ‘বোর্ডের খরচ কমাতে হবে আমাদের। দুই কাপ চায়ের বদলে এক কাপ খান। এসি কম ব্যবহার করেন। অফিস ছাড়ার সময় আলো বন্ধ করে যান। আমাদের দল যদি বিশ্বের এক নম্বর না হতে পারে, তাহলে আমাদের এখানে থাকার দরকার নেই। আমাদের সবাইকে এখানে যার যার অবস্থান প্রমাণ করতে হবে।’