৫টি ক্যাচ, একটি স্টাম্পিং। নিউজিল্যান্ডের বিপক্ষে কাল ওয়ানডে ক্যারিয়ারে ৫০তম ডিসমিসালের মাইলফলক পেরিয়ে গেছেন (৫২টি) দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ২৭টি ওয়ানডে খেলতে হয়েছে তাঁকে এ মাইলফলক ছুঁতে, যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। ককের আগে এ কীর্তিটা ছিল ওয়েস্ট ইন্ডিজের সাবেক উইকেটকিপার রিডলি জ্যাকবস এবং দুই ইংলিশ জেরাইন্ট জোনস ও জস বাটলারের। তিনজনেরই লেগেছিল ৩০টি করে ওয়ানডে। কাল ৬টি ডিসমিসালে এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডটাও স্পর্শ করেছেন ২১ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান। এক ম্যাচে কোনো উইকেটকিপারের ৬ ডিসমিসাল ওয়ানডে ক্রিকেট দেখেছে ১৪ বার। ককসহ এ কীর্তি আছে নয়জনের। তবে এঁদের মধ্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট একাই এ কীর্তি গড়েছেন ৬ বার!