অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে প্রথম দিনটাকে নিজের করে নিয়েছিলেন সালমা খাতুন। কাল মেয়েদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে আলো কাড়লেন সালমার জাতীয় দল সতীর্থ পান্না ঘোষ, আয়েশা রহমান ও জাহানারা আলম। পান্না ও আয়েশার অলরাউন্ড নৈপুণ্যে জিতেছে তাঁদের দল এভি স্পোর্টিং ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সংস্থা। ধানমন্ডিতে আবাহনীকে জেতাতে বল হাতে সবচেয়ে বড় ভূমিকা জাহানারার।
পেস বোলিংয়ে ৪.৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জাহানারা। ইনিংসের ৩৭তম ওভারের প্রথম ৪ বলে ৩ উইকেট নিয়েই রায়েরবাজার অ্যাথলেটিকের ইনিংস মুড়ে দেন জাহানারা। রায়েরবাজার অলআউট ৮৪ রানে। ১৬.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়েই জয় পেয়ে যায় আবাহনী।
বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এভি স্পোর্টিংয়ের সেরা খেলোয়াড় পান্না ঘোষ। এভির ২১৩ রানের ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান পান্নার। এরপর ২১ রানে ৫ উইকেট নিয়ে গুলশান ইয়ুথকে ৯০ রানে থামিয়ে দলকে ১২৩ রানে জেতান মিডিয়াম পেসার পান্না।
বিকেএসপির ৪ নম্বর মাঠে বিকেএসপিতে ৯৫ রানে অলআউট করে ৯ উইকেটে জিতেছে খেলাঘর। ১৫ রানে ২ উইকেট নেওয়ার পর ইনিংস উদ্বোধন করে ৫৩ রানে অপরাজিত ছিলেন আয়েশার। এই ডানহাতির ৬১ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছয়।