মুত্তিয়া মুরালিধরনের শূন্যস্থান পূরণ সহজ নয়। কিন্তু সেই কঠিন কাজটাই খুব সহজে করে যাচ্ছেন রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে উঠে গেছেন একটি তালিকার তিনে, যেখানে তাঁর ওপরে আছেন শুধু মুরালিধরন। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই নিয়ে আটবার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন হেরাথ। কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে হেরাথের চেয়ে বেশিবার ৫ উইকেট পেয়েছেন শুধু মুরালি। সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক কলম্বোর এসএসসি গ্রাউন্ডে ১৪ বার ও ক্যান্ডির আসগিরিয়া ও গল স্টেডিয়ামে ১১ বার করে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ক্রিকেট-তীর্থ লর্ডসে হেরাথের সমান আটবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ইয়ান বোথামও।