গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়েছেন সাকিব
গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়েছেন সাকিব

বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

বৃষ্টিতে বিলম্বিত টস

মিরপুরে নেমেছে ঝুম বৃষ্টি। ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লেও হঠাৎ করেই বেড়েছে তীব্রতা। তবে উইকেট কাভারে ঢাকা ছিল আগে থেকেই।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হতে পারেনি টসও। আগে থেকেই এ সিরিজে ছিল বৃষ্টির পূর্বাভাস। প্রথম দুই ম্যাচে বাগড়া না দিলেও আজ সিরিজ জয়ের ম্যাচে ঠিকই শুরু হয়েছে বৃষ্টির উৎপাত।

ব্যস্ত সময় কাটছে মাঠকর্মীদের

আবার বৃষ্টি

বৃষ্টি থেমেছিল কিছুক্ষণের জন্য। তবে নামছে আবারও। সন্ধ্যা ৬টায় খেলা শুরু হচ্ছে না নিশ্চিতভাবেই।

নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না খেলা

কিছুক্ষণ আগে মাঠ থেকে সরাসরি

থেমেছে বৃষ্টি

সুখবর! মিরপুরে বৃষ্টি থেমেছে। সরানো হচ্ছে উইকেটের কাভার।

সরানো হচ্ছে কাভার

প্রস্তুত মঞ্চ

বৃষ্টি শেষে প্রস্তুত শেরেবাংলা স্টেডিয়াম

নিজেকে চিনে ফেলেছেন আফিফ

চাপ, ভয়, শঙ্কা, আনন্দ, তৃপ্তি, উল্লাস—কত আবেগ–অনুভূতির মধ্য দিয়েই না যেতে হয় ক্রিকেটারদের! সে আবেগ নিয়ন্ত্রণের ওপরও অনেকাংশে নির্ভর করে তাঁদের সাফল্য-ব্যর্থতা। কিন্তু আফিফ হোসেনকে এ–জাতীয় আবেগ–অনুভূতি যেন একটু কমই প্রভাবিত করে। নিশ্ছিদ্র এক অদৃশ্য বলয় যে সব আবেগের স্পর্শ থেকে দূরে রাখে তাঁকে। সেখানে শুধু আফিফেরই বসবাস।

টস ৭টায়

৭টায় টস হবে তৃতীয় ম্যাচের। খেলা শুরু হবে ৭.১৫-এর সময়।

সোয়া এক ঘন্টা দেরীতে শুরু হলেও ওভার কাটা যায়নি কোনো। ইনিংস বিরতি কমিয়ে আনা হয়েছে ১০ মিনিটে।

এক ছবিতে ১১১৪ আন্তর্জাতিক উইকেট, ১৪০৪৬ আন্তর্জাতিক রান

সাকিব আল হাসানের সঙ্গে রঙ্গনা হেরাথ

অবশেষে টসে জিতলেন মাহমুদউল্লাহ

টানা ৫ ম্যাচ টসে হারার পর এবার জিতেছেন মাহমুদউল্লাহ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ একাদশ

অপরিবর্তিত আছে বাংলাদেশ একাদশ।

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ

অস্ট্রেলিয়া একাদশ

জয়ের খোঁজে তিনটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বেন ম্যাকডারমট ও ড্যান ক্রিস্টিয়ান ফিরেছেন, অভিষেক হচ্ছে পেসার নাথান এলিসের। বাদ পড়েছেন জশ ফিলিপে ও অ্যান্ড্রু টাই। নেই মিচেল স্টার্কও। অবশ্য টানা খেলা বলে অস্ট্রেলিয়া পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলা অনুমিতই।

অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড

স্পিনে শুরু

তৃতীয় ম্যাচে ভিন্ন কৌশল অস্ট্রেলিয়ার। অ্যাশটন টার্নারকে দিয়ে বোলিং ওপেন করিয়েছেন অধিনায়ক ম্যাথু ওয়েড। বারদুয়েক শঙ্কা জেগেছিল সৌম্য সরকারকে নিয়ে। প্রথমে ডাউন দ্য লেগের বলে বেসামাল হয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন, ওয়েড স্টাম্প ভাঙার আগেই অবশ্য ফিরেছেন ক্রিজে। এরপর টেনে মারতে গিয়ে ক্যাচ তুলেছিলেন। তবে স্কয়ার লেগে অ্যালেক্স ক্যারি লাফিয়ে উঠে হাত লাগালেও ধরতে পারেননি শেষ পর্যন্ত।

প্রথম ওভারে উঠেছে ২ রান।

হ্যাজলউডের শিকার নাঈম

ওভার দ্য উইকেট থেকে করা জশ হ্যাজলউডের ব্যাক অফ আ লেংথ ডেলিভারিতে ডিফেন্ড করতে গিয়ে কট-বিহাইন্ড হয়েছেন মোহাম্মদ নাঈম। প্রায় স্কয়ারড-আপ হয়ে পড়েছিলেন এ ডানহাতি। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে ৩ রান।

পরপর দুই বলে নেই দুই ওপেনার

দুই বল, দুই উইকেট! তৃতীয় ওভারে অ্যাডাম জাম্পাকে এনেছেন ওয়েড, প্রথম বলেই সফল হলেন তিনি। ফুললেংথের বলটা সুইপ করতে গিয়ে মিস করে গেছেন সৌম্য সরকার, আম্পায়ার শরফউদ্দৌলা বেশ কিছুক্ষণ সময় নিয়ে দিয়েছেন এলবিডব্লু। সৌম্য অবশ্য রিভিউ করেছিলেন, তবে উইকেটে ছিল আম্পায়ারস কল।

ওপেনারদের দুর্দশা

৩৭, ২১, ৩- তিন ম্যাচে দুই ওপেনার ফেরার সময় বাংলাদেশের স্কোর। জিম্বাবুয়ে সফরের ফর্মটা এ সিরিজে টেনে আনতে পারেননি সৌম্য বা নাঈম।

দ্রুতই আসতে হয়েছে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে। হ্যাজলউডের বলে ফ্লিক করতে গিয়ে ফাইন লেগে বাঁদিকে ঝাঁপিয়ে পড়া ড্যান ক্রিস্টিয়ানের হাতে প্রায় ধরা পড়েছিলেন মাহমুদউল্লাহ। সাকিব এরপর পরাস্ত হয়েছেন দারুণ এক ডেলিভারিতে।

৪ ওভার শেষ বাংলাদেশ তুলেছে ১৫ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ১৫ বছর

২০০৬ সালের ৬ আগস্ট। ১৫ বছর আগে আজকের এই দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের।

দীর্ঘ ক্যারিয়ারে সাকিব বাংলাদেশের ইতিহাস-সেরা ক্রীড়াবিদ তো বটেই, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে।

এলিসের শুরুতে শেষ পাওয়ার প্লে

প্রথম বলটা এমনই স্লোয়ার ছিল, সাকিব ক্ষণিকের জন্য যেন থমকেই গেলেন! আন্তর্জাতিক ক্রিকেটে নাথান এলিস শুরু করলেন বোলিংয়ের যাত্রা। ৩১ টি-টোয়েন্টিতে ৩৩ উইকেট নেওয়া ২৬ বছর বয়সী নিউ সাউথ ওয়েলস পেসারের শেষ বলে অবশ্য হয়েছে একটা বাউন্ডারি। প্রথম ওভারে তিনি দিয়েছেন ৮ রান। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছে ২৮ রান।

এক ওভারে তিন চার, পরের ওভারে উইকেট

মাহমুদউল্লাহ টেনে মেরেছেন চার। এরপর সাকিব একটা স্কুপ করে, আরেকটা কাট করে। মিচেল মার্শের করা ৮ম ওভারে উঠেছে ১৫ রান, এখন পর্যন্ত যা ইনিংসে সর্বোচ্চ।

তবে ঠিক পরের ওভারের প্রথম বলেই ফিরেছেন সাকিব। জাম্পাকে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েছেন তিনি, ১৭ বলে ২৬ রান করে। ৪৭ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

সাকিব-মাহমুদউল্লাহ তৃতীয় উইকেটে যোগ করেছেন ৪৪ রান

আফিফ : বুম!

যে শটটা খেললেন, তাতে যেন শুধুই আত্মবিশ্বাস। একটু ঝুলিয়ে দিয়েছিলেন অ্যাশটন অ্যাগার, আফিফ হোসেন বেরিয়ে এসেছিলেন ক্রিজ ছেড়ে। স্টাম্প থেকে প্রায় তিন মিটার দূরে এসে হাঁটু গেঁড়ে করেছেল স্লগ সুইপ, বল গেছে শেরেবাংলার গ্র্যান্ডস্ট্যান্ডে। ইনিংসের প্রথম ছয় এল বাংলাদেশের আগের ম্যাচের জয়ের নায়কের ব্যাটেই। অবশ্য সে ওভারে আরেকদফা তুলে মারলেও সফল হননি আফিফ, বল গেছে কাউ কর্নারে, যেখানে ছিলেন না ফিল্ডার।

ক্যারির দারুণ ফিল্ডিংয়ে ফিরতে হল আফিফকে

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, আফিফ এদিন শুরু করলেন সেখান থেকেই। তবে দারুণ ফিল্ডিংয়ে ফিরতে হলো তাঁকে। মিড-অফে ঠেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন আফিফ। ডাইভ দিয়ে ধরে ওঠার আগেই ছুঁড়ে মেরেছেন অ্যালেক্স ক্যারি, যে থ্রো-তে সরাসরি ভেঙেছে স্টাম্প। ১২তম ওভারের শেষ বলে ৪র্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ, ১৩ বলে ১৯ রান করেই থামলেন আফিফ। ঠিক আগের বলেই মাহমুদউল্লাহর বিপক্ষে একটি রিভিউ নিলেও সফল হয়নি অস্ট্রেলিয়া। ক্রিস্টিয়ানের লেগ কাটার মিস করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। আম্পায়ার গাজী সোহেল দিয়েছিলেন নট-আউটের সিদ্ধান্ত। বল-ট্র্যাকিং দেখিয়েছে, ইমপ্যাক্ট ও উইকেটে ছিল আম্পায়ারস কল।

মাহমুদউল্লাহকে রেখে ফিরলেন শামীমও

চাপ বাড়ছিল শামীমের ওপর। হ্যাজলউডের শর্ট বলে তুলে মারতে গিয়ে টাইমিং-ও করতে পারলেন না। মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি, ৮ বলে ৩ রান করে। মিডউইকেটে পেছন দিকে ছুটে বেশ ভালো ক্যাচ নিয়েছেন বেন ম্যাকডারমট।

আরেকটি সরাসরি থ্রো, আরেকটি রান-আউট

আফিফ হোসেনের মতো নুরুল হাসানও হলেন রান-আউট! এবং সেটিও আরেকটি সরাসরি থ্রো-তে।

কাভারে ঠেলে সিঙ্গলে কল করেছিলেন মাহমুদউল্লাহ, তবে শুরুতে সে ডাকে সাড়া দেবেন কিনা- তা নিয়ে যেন নিশ্চিত ছিলেন না নুরুল। এরপর দৌড় শুরু করেছেন, তবে এর আগেই ময়েজেস হেনরিকেসের থ্রো সরাসরি ভেঙেছে স্ট্রাইক-প্রান্তের স্টাম্প।

এর আগে অ্যাডাম জাম্পাকে দারুণ এক শটে ছয় মেরেছিলেন নুরুল, তবে অসময়ে ফিরতে হল তাঁকেও। ৫ বলে ১১ রান করেছেন তিনি।

৪ ওভার বাকী থাকতে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৯৮ রান।

আফিফের মতো রান-আউট হয়েছেন নুরুলও

ফিফটি মাহমুদউল্লাহর

ক্যারিয়ারে ৫ম ফিফটি পূর্ণ করলেন মাহমুদউল্লাহ। ৫২ বলে মাইলফলকে গেলেন তিনি। অধিনায়ক হিসেবে এটি প্রথম ফিফটি তাঁর। তবে বাংলাদেশের হয়ে সবচেয়ে ধীরগতির ফিফটি এটি।

অভিষেকেই হ্যাটট্রিক এলিসের!

স্কোয়াডে ছিলেন রিজার্ভ হিসেবে। রাইলি মেরেডিথের চোটে মূল দলে এলেন। আজ অভিষেক হয়ে গেল নাথান এলিসের। অভিষেকে পেয়ে গেলেন হ্যাটট্রিকও!

স্বপ্নের অভিষেক বোধহয় একেই বলে! ৩ ওভারে ২৯ রান দিয়েছিলেন, ছিলেন উইকেটশূন্য। তবে ড্যান ক্রিস্টিয়ানের বদলে তাঁকেই শেষ ওভারে আনলেন ওয়েড।

ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহ হলেন বোল্ড। পরের দুই বলে ক্যাচ দিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান। মোস্তাফিজ ধরা পড়েছেন ডিপ মিডউইকেটে, মেহেদী স্কয়ার লেগে। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে বোলিং ফিগার শেষ করলেন এলিস।

১২৭ রানে থামল বাংলাদেশ।

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই হ্যাটট্রিক পেয়েছেন নাথান এলিস

ওয়েড এবং লেগসাইডের বল : অধ্যায় তিন

আগের দুই ম্যাচে মিডল অর্ডারে খেলেছিলেন, তবে আজ ওপেনিংয়ে উঠে এলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। তবে আগের দুই ম্যাচের মতো লেগসাইডের বল এবারও কাল হলো তাঁর।

নাসুম আহমেদের লেগসাইডের বলটা টেনে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েছেন ওয়েড, ৫ বলে ১ রান করেই। প্রথম ম্যাচে লেগসাইডের বেশ বাইরের বলে ক্যাচ দিয়েছিলেন ওয়েড। পরের ম্যাচে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মোস্তাফিজের বলে হারিয়েছিলেন লেগস্টাম্প।

প্রথম ওভারে মেহেদী হাসানকে বেন ম্যাকডারমট ছয় মারলেও পরের ওভারে নাসুম দিয়েছেন ব্রেক থ্রু। রানতাড়ায় আবারও শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

শরফউদ্দৌলার অদ্ভুত সিদ্ধান্ত

সাকিবের টার্ন করে বেরিয়ে যাওয়া বলটা টেনে মারতে গিয়ে মিস করেছিলেন মিচেল মার্শ। সেটা ধরে স্টাম্প ভেঙেছিলেন উইকেটকিপার নুরুল হাসান। তবে তেমন আবেদনও ছিল না বাংলাদেশের। এরপর শেষ মুহুর্তে গিয়ে হঠাৎ করেই আঙুল তুলে বসলেন আম্পায়ার শরফউদ্দৌলা। মার্শ অবশ্য রিভিউ করলেন সঙ্গে সঙ্গেই। আল্ট্রা-এজেও দেখা যায়নি কোনো স্পাইক।

৬ ওভারে ২০

বাংলাদেশ তুলেছিল ২৮ রান। অস্ট্রেলিয়া প্রথম ওভারে ৮ রান তুললেও প্রথম ৬ ওভারে তুলল ২০ রান। নাসুম আহমেদ ও সাকিব আল হাসানের পর মোস্তাফিজুর রহমান চেপে ধরেছেন সফরকারীদের।

চাপ সামলানোর চেষ্টা মার্শের

পাওয়ার প্লের ঠিক পরের ওভারেই নাসুমকে ছয়-চার মেরেছেন মিচেল মার্শ। শেষ তিন ওভারে উঠেছে ১৬ রান। আরেক দফা বাংলাদেশের অন্যতম প্রধান বাধা এখন মার্শ, বেন ম্যাকডারমট ধীরগতির হলেও সঙ্গ দিচ্ছেন তাঁকে।

হঠাৎ উত্তাপ

হঠাৎ করেই একদফা উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে গেল মাহমুদউল্লাহ ও মিচেল মার্শের।

শরীফুল ইসলামের শর্ট বলটা আড়াআড়ি খেলতে যাওয়া মার্শ কিছু একটা বলেছিলেন শরীফুলকে। এর জবাবই দিয়েছেন মাহমুদউল্লাহ। পরে আম্পায়ার এসে শান্ত করেছেন পরিস্থিতি।

১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৪, ফলে শেষ ৬০ বলে প্রয়োজন ৭৪ রান।

নুরুল, আইড্রপ এবং কন্টাক্ট লেন্স?

ব্যাটিংয়ের সময়, পরে উইকেটকিপিংয়ের সময়ও চোখে ড্রপ ব্যবহার করতে দেখা গিয়েছিল নুরুল হাসানকে। এবার কিছু একটা পরলেন চোখে। দেখে মনে হচ্ছিল কন্টাক্ট লেন্সই।

ব্যাটিংয়ে প্রথম দফা চোখে ড্রপ দেওয়ার পরই একটা ছয় মেরেছিলেন। উইকেটকিপিংয়ে এখন পর্যন্ত অবশ্য কোনো উইকেটে সরাসরি অবদান রাখেননি নুরুল।

সুযোগ হাতছাড়া শরীফুলের

হয়তো এ ব্রেকথ্রুটাই দরকার ছিল বাংলাদেশের। তবে সহজতম একটা ক্যাচ ছাড়লেন শরীফুল ইসলাম।

মোস্তাফিজুর রহমানের লেগস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন বেন ম্যাকডারমট, ডিপ স্কয়ার লেগে শরীফুলের কাছে গিয়েছিল ক্যাচ। তবে রাখতে পারেননি সেটি। ৩২ রান জীবন পেলেন ম্যাকডারমট।

ম্যাচ বদলে দেওয়া মুহুর্ত?

ব্রেক থ্রু দিলেন সাকিব

শুধু বাংলাদেশকে লড়াইয়ে ফেরালেন না, শরীফুলকেও যেন মুক্তি দিলেন সাকিব। নিজের শেষ ওভার করতে এসে ব্রেক থ্রু দিলেন তিনি বেন ম্যাকডারমটকে ফিরিয়ে। ফুললেংথের বলে স্লগ করতে গিয়েছিলেন, তবে আন্ডার-এজড হয়ে বোল্ড হয়েছেন। ৩২ রানে জীবন পাওয়া ম্যাকডারমট ফিরলেন ৩৫ রান করে, মিচেল মার্শের সঙ্গে তাঁর ৬৩ রানের জুটিও ভাঙল।

দুই ওভারে দুই উইকেট

সাকিবের পর উইকেট পেলেন শরীফুলও। ফ্লিক করতে গিয়ে গড়বড় হয়ে গিয়েছিল ময়েজেস হেনরিকেসের। মিড-অনে সহজ ক্যাচ নিতে ভুল করেননি শামীম হোসেন। আরেকদফা চাপ বাড়ল অস্ট্রেলিয়ার ওপর। ৩০ বলে এখন ৪৮ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার। ৪০ রানে অপরাজিত মার্শ।

মার্শের ফিফটি

কন্ডিশন সহজ নয়, সিরিজ ঝুলছে সুতোর ওপর। মিচেল মার্শ নামলেন ৮ রানে প্রথম উইকেট যাওয়ার পর। ৪৫ বলে ফিফটিও হয়ে গেল তাঁর। বেন ম্যাকডারমটের সঙ্গে জুটিতে অস্ট্রেলিয়াকে উদ্ধার করেছেন, এখনও বাংলাদেশ ও জয়ের মাঝে সবচেয়ে বড় ব্যবধান তিনিই।

শেষ ২১ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৩৬ রান।

বাধা হয়ে থাকা মার্শকে ফেরালেন শরীফুল

এ উইকেটটাই খুঁজছিল বাংলাদেশ। রান-বলের ব্যবধান বাড়ার চাপ কমাতে শট খেলতে হল মিচেল মার্শকে, ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসে তুলে মেরেছিলেন। লং-অফ থেকে ছুটে এসে ভালো ক্যাচ নিয়েছেন মোহাম্মদ নাঈম। ৫১ রানে ফিরলেন মার্শ। নিশ্চিতভাবেই ম্যাচে এখন এগিয়ে বাংলাদেশ।

মোস্তাফিজ : ১৯তম ওভার, ১ রান!

২ ওভারে প্রয়োজন ছিল ২৩ রান। ১৯তম ওভারে মোস্তাফিজ দিলেন মাত্র এক রান! ৪ ওভারে ৯ রান দিয়ে বোলিং শেষ করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভার বোলিং করে টি-টোয়েন্টিতে এর চেয়ে কম রান দিয়েছেন মাত্র দুজন- পাকিস্তানের উমর গুল ও ইমাদ ওয়াসিম। দুজনই দিয়েছিলেন ৮ রান করে।

শেষ ওভারে মেহেদী হাসান বা সৌম্য সরকারের একজন অথবা নতুন একজন বোলারকে আনতে হবে মাহমুদউল্লাহর।

দুই ম্যাচ বাকী রেখেই সিরিজ বাংলাদেশের

প্রথম বলে ড্যান ক্রিস্টিয়ান মেরেছিলেন ছয়। চতুর্থ বলে ফুলটসে একটা নো করেছিলেন মেহেদী হাসান। তবে তাতে কিছু যায় আসেনি শেষ পর্যন্ত। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে প্রথমবারের মতো তাঁদের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ, সেটিও দুই ম্যাচ বাকী রেখেই!

ঐতিহাসিক জয়

প্রথম ম্যাচে ১৩১ রানের সম্বল নিয়েও জিতেছিল বাংলাদেশ। সেটা ছিল নিজেদের সবচেয়ে কম রান করে জেতার রেকর্ড। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে জিততে হলে সে রেকর্ডটাও ভাঙতে হতো মাহমুদউল্লাহর দলকে। বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচে যে ১২৭ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ পর্যন্ত রেকর্ড গড়েই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছে ১০ রানে। আর এই জয়ে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ বাংলাদেশ নিশ্চিত করে ফেলল দুই ম্যাচ বাকি থাকতেই। আগামীকাল ও ৯ আগস্টের শেষ দুটি ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা।