বিশ্বকাপে বাংলাদেশের কোনো সেঞ্চুরি ছিল না। এবার মাহমুদউল্লাহর ব্যাট থেকেই এল দুই সেঞ্চুরি। সেটাও আবার টানা দুই ম্যাচে। টানা সেঞ্চুরি অবশ্য এবারের বিশ্বকাপে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোরই একটি। জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ওয়ানডে ক্যারিয়ার শেষ করলেন টানা সেঞ্চুরিতে। টানা চার ম্যাচে সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারা তো বিশ্ব রেকর্ডই করলেন। ক্রিস গেইল পেয়েছেন বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরির মালা গেঁথে ২০১৫ বিশ্বকাপ ভেঙে দিয়েছে আগের সব বিশ্বকাপের রেকর্ড। ব্যাটিং পরাক্রমের মধ্যে অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক হয়ে গেছেন ‘উইকেটকিপার’ সাঙ্গাকারা। বড় কোনো রেকর্ড ভাঙতে না পারলেও বোলারদেরও অবদান আছে রেকর্ড বইয়ের পাতা সমৃদ্ধ করতে। বিশ্বকাপের প্রথম পর্বের রেকর্ডের ডালি থেকে বাছাই করা কিছু পরিসংখ্যান নিয়েই এই আয়োজন।