রেকর্ড কর্নার

লর্ডসের ব্যাটিং লর্ড

অধিনায়ক হিসেবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পেতে পেতেও পেলেন না জো রুট। তবে ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক ১৯০ রানের ইনিংস খেলার পথেই একটি রেকর্ডে পেছনে ফেলেছেন অনেক রথী-মহারথীকে। ক্রিকেট-তীর্থ লর্ডসে গত পরশু এই ইনিংসটি খেলার পথেই ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন রুট। সেটাও মাত্র ৯ টেস্টের ১৭তম ইনিংসে। লর্ডসে হাজার রান করতে রুটেরই লাগল সবচেয়ে কম ইনিংস, পেছনে ফেলেছেন পূর্বসূরি অ্যান্ড্রু স্ট্রাউসকে। লর্ডসে ১০০০ রান করতে ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে খেলতে হয়েছিল ১৯ ইনিংস। লর্ডসে সব মিলিয়ে ১০০০ রান করেছেন মাত্র নয়জন ব্যাটসম্যান, নয়জনই ইংলিশ। এঁদের মধ্যে একমাত্র গ্রাহাম গুচের রান দুই হাজারের ওপরে। লর্ডসে হাজারি ক্লাবে নতুন হলেও গড়ে এই নবরত্নের মধ্যে সবার ওপরে আছেন রুট। লর্ডসে ৬৫.৩১ গড়ে ১০৪৫ রান তাঁর। 

লর্ডসে টেস্টে সবচেয়ে বেশি রান

                       ম্যাচ   ইনিংস        রান      সর্বোচ্চ       গড়      ১০০/৫০

গ্রাহাম গুচ        ২১     ৩৯    ২০১৫  ৩৩৩     ৫৩.০২     ৬/৫

অ্যালিস্টার কুক    ২৩     ৪১    ১৭৪৯   ১৬২     ৪৪.৮৪     ৪/১০

অ্যান্ড্রু স্ট্রাউস      ১৮     ৩১    ১৫৬২   ১৬১     ৫২.০৬     ৫/৬

অ্যালেক স্টুয়ার্ট    ২০     ৩৭    ১৪৭৬  ১২৪*     ৪৪.৭২     ৩/৮

ইয়ান বেল        ১৮     ৩২    ১২৬৪   ১৯৯     ৪৬.৮১     ৪/৮