শেষ ওভারে ২ ছক্কায় ঢাকাকে জয় এনে দিয়েছেন শুভাগত হোম
শেষ ওভারে ২ ছক্কায় ঢাকাকে জয় এনে দিয়েছেন শুভাগত হোম

শুভাগতর শেষ ওভারের ২ ছক্কায় স্বস্তির জয় মাহমুদউল্লাহদের

প্রথমটা বোলারের মাথার ওপর দিয়ে সোজা সাইটস্ক্রিন বরাবর, পরের ছয়টি কাভার পয়েন্ট দিয়ে। থিসারা পেরেরার শেষ ওভারে মিনিস্টার ঢাকার প্রয়োজন ছিল ১১ রান, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোমাঞ্চ ডাকছিল আরেকবার। তবে শুভাগত হোমের ২ বলে মারা ২ ছয়ে উড়ে গেল ঢাকার চাপ, রোমাঞ্চেরও শেষ ওখানেই।

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এ জয়টা গুরুত্বপূর্ণ ছিল ঢাকার, খুলনা টাইগার্সকে ১২৯ রানে আটকে দিয়ে কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। সেটি টপকে যেতে শেষ ওভার পর্যন্ত যেতে হলেও ঢাকা পেয়েছে ৫ উইকেটের জয়, ৯ ম্যাচে সমানসংখ্যক ৯ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তিনে তারা। অন্যদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে খুলনা নেমে গেছে চার নম্বরে।

টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ঢাকা

ঢাকা এদিন নেমেছিল চারটি পরিবর্তন নিয়ে। ব্যাটিংয়ে মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ নাঈমের জায়গায় এসেছেন জহুরুল ইসলাম ও শামসুর রহমান, বোলিংয়ে দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও ইবাদত হোসেনের জায়গায় তারা খেলিয়েছে আজমতউল্লাহ ওমরজাই ও রুবেল হোসেনকে।

টসে জিতে ব্যাটিংয়ে নামা খুলনাকে প্রথম ধাক্কা দিয়েছেন রুবেলই, আগের ম্যাচে ৮২ রানে অপরাজিত থাকা সৌম্য সরকারকে ফিরিয়ে। সিলেটের উইকেটে খুলনা ভুগেছে বেশ কিছুক্ষণ। সপ্তম ওভারে অধিনায়ক মুশফিকুর রহিম আউট হয়েছেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে, খুলনার তখন মাত্র ৩২।

অর্ধশতক পেয়েছেন সিকান্দার রাজা

খুলনা এরপরও ১২৯ রান পর্যন্ত গেছে সাত নম্বরে নামা সিকান্দার রাজার ৫০ বলে ৬৪ রানের ইনিংসে। ষষ্ঠ উইকেটে মেহেদী হাসানের সঙ্গে ২৬, সপ্তম উইকেটে পেরেরার সঙ্গে ২৭ বলে ৩৯ রানের পর রুয়েল মিয়াকে নিয়ে ২৩ বলে ৩২ রান যোগ করেছেন রাজা। রাজা তাঁর ইনিংসে ৫টি চারের সঙ্গে মারেন ৪টি ছয়। ঢাকার বাঁহাতি স্পিনার আরাফাত সানি ২ উইকেট নিয়েছেন মাত্র ১৫ রান দিয়ে। মাহমুদউল্লাহ ছাড়া উইকেটের দেখা পেয়েছেন বাকি ৫ বোলারই।

রান তাড়ায় ঢাকার নতুন উদ্বোধনী জুটি অবশ্য সফল হয়নি। ৬ রান করে নাবিল সামাদের বলে এলবিডব্লু হয়েছেন তামিম ইকবাল, খুলনা সে উইকেট পেয়েছে এডিআরএস নিয়ে। ইমরানউজ্জামানও ফিরেছেন দলীয় ১২ রানেই। জহুরুল ও মাহমুদউল্লাহকে এরপর করতে হয়েছে ইনিংস পুনর্গঠনের কাজ। জহুরুল অবশ্য শুরুতে ভুগেছেন, প্রথম রানটা করেছেন নবম বলে গিয়ে, নাবিলকে ছয় মেরে।

১৫ রানে ২ উইকেট নিয়েছেন আরাফাত সানি

মাহমুদউল্লাহর সঙ্গে জহুরুলের তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৫৭ রান, জহুরুল ৩৫ বলে ৩০ রান করে রুয়েল মিয়ার বলে বোল্ড হলে ভাঙে সে জুটি। শামসুরকে নিয়ে মাহমুদউল্লাহ এরপর যোগ করেন আরও ৩২ রান। তবে ৩৬ বলে ৩৪ রান করা ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহকে পেরেরা ফেরান ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে। এরপর শামসুরকেও ফেরান পেরেরা। ১৯তম ওভারে খালেদ আহমেদ দেন ৪ রান, একটু আশা পায় খুলনা। তাদের সে আশা অবশ্য ২ বলেই মিলিয়ে যায় শুভাগতর ওই দুই ছক্কায়।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইগার্স: ২০ ওভারে ১২৯/৮ (রাজা ৬৪, মেহেদী ১৭, পেরেরা ১২; আরাফাত ২/১৫, আজমতউল্লাহ ২/২৫, কাইস ১/১২)

মিনিস্টার ঢাকা: ১৯.২ ১৩১/৫ (মাহমুদউল্লাহ ৩৪, জহুরুল ৩০, শামসুর ২৫, শুভাগত ১৮; পেরেরা ২/৩৯, নাবিল ১/১০, রুয়েল ১/২১)

ফল: ঢাকা ৫ উইকেটে জয়ী