নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশের বিপক্ষে তৃতীয় ম্যাচে কাল জিতেছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল। কাল ৪৩ রানে জিতল সাইফউদ্দিনের অপরাজিত সেঞ্চুরির সুবাদে।
ডারউইনের মারারা ক্রিকেট ওভালে টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২৬৮ রান তোলে এইচপি। আগামী বিশ্বকাপের দিকে চোখ রেখে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে পেসার সাইফউদ্দিনকে গড়ে তুলতে চান একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। গত এপ্রিলের শ্রীলঙ্কা সফরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাইফউদ্দিনের অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্স হাথুরুর জন্য একটু হলেও খুশির খবর তো বটেই। আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া সাইফউদ্দিন এদিন দুর্দান্ত ছিলেন ব্যাট হাতেও। ৫টি চার ও ৫টি ছয়ে খেলেছেন ১০৪ রানের ইনিংস। রান তাড়া করতে আসা নর্দার্ন টেরিটরির পক্ষে গ্রেগরি ১৪৪ রান করলেও ২২৫ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।