৫৪ বলে সেঞ্চুরি আরিফের

এবার ৫৪ বলের সেঞ্চুরি দেখল জাতীয় লিগ। কাল বিকেএসপিতে রংপুরের আরিফুল হকের ব্যাট থেকে এসেছে ঝোড়ো এই ইনিংস। ৫৬ বলে অপরাজিত ১১২ রান করার পথে ৬টি চার ও ১২টি ছয় মেরেছেন আরিফ। ঢাকা মহানগরের বিপক্ষে তাঁর দল রংপুর প্রথম ইনিংসে করেছে ৪৯১। ইলিয়াস সানি নিয়েছেন ৬ উইকেট। এরপর মহানগর ৪ উইকেটে ২৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। সেঞ্চুরি পেয়েছেন ওপেনার মেহেদী মারুফ (১৩৮)।
বিকেএসপির অন্য মাঠে চট্টগ্রামের বিপক্ষে ৭ চার ও ১০ ছয়ে ১২২ রান করেছেন খুলনার জিয়াউর রহমান। খুলনা অলআউট হয়েছে ৩৬৯ রানে। ফতুল্লায় ঢাকা বিভাগকে ৩১৮ রানে অলআউট করার পর ৭ উইকেটে ২১৬ রান তুলেছে রাজশাহী। মিরপুরে ৮ উইকেটে ৩৩০ রান দিন শেষ করেছে সিলেট। রাজিন সালেহ অপরাজিত ৯৬ রানে।