'ডেড বল' আসলে কখন 'ডেড'?

শেটারওয়েট স্টাম্প ভাঙার আগেই ক্রিজে পৌঁছে যান সারাহ অ্যালে। ছবি: টুইটার
শেটারওয়েট স্টাম্প ভাঙার আগেই ক্রিজে পৌঁছে যান সারাহ অ্যালে। ছবি: টুইটার

মেয়েদের বিগব্যাশে বুধবার সিডনি সিক্সার্সের মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনেগেডস। শেষ বলে জয়ের জন্য ৩ রান দরকার ছিল সিক্সার্সের। ম্যাচের এমন জমজমাট সময়ে নাটকীয় ঘটনায় প্রশ্ন উঠেছে ‘ডেড বল’ আইন নিয়ে। ক্রিকেটে ‘ডেড বল’ আসলে ঠিক কখন ‘ডেড’?

আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২০ রান তুলেছিল রেনেগেডস। জবাবে সিক্সার্স শেষ বলে জয় থেকে পিছিয়ে ছিল ৩ রানের দূরত্বে। ২ রান নিলে ম্যাচ ‘টাই’ হবে। এমন পরিস্থিতিতে রেনেগেডস স্পিনার অ্যামি শেটারওয়েটের ডেলিভারিকে ফাইন লেগে পাঠান সিক্সার্সের সারাহ অ্যালে। সেখান থেকে বল রেনেগেডস উইকেটরক্ষক এমা ইনগ্লিসের গ্লাভসে জমা পড়ার আগে সিক্সার্স নিতে পেরেছে মাত্র ১ রান। অর্থাৎ সির্ক্সাসের হার? ভুল, ম্যাচটা যে তখনো শেষ হয়নি!
সে জন্য ইনগ্লিসকে দুষতে পারে রেনেগেডস। উত্তেজনার বশে অপরিণত ক্রিকেট মস্তিষ্কের পরিচয় দিয়ে বসেন তিনি। বলটা গ্লাভসে না রেখে শূন্যে ছুড়ে মেতে উঠেছিলেন জয় উদ্‌যাপনে। বল মাটিতে পড়ায় সেই ডেলিভারিটি আর ‘ডেড’ হয়নি। এই সুযোগে দারুণ উপস্থিত বুদ্ধির পরিচয় দেন অ্যালে। আরও ১ রান নিতে ছুট লাগান তিনি এবং অপর প্রান্তের ব্যাটসম্যান। রেনেগেডসের খেলোয়াড়েরা তখনো কিছু বুঝে উঠতে পারেননি। তবে বিপদটা ধরতে পেরেছিলেন শুধু একা শেটারওয়েট। পড়িমরি ছুটে ডাইভ দিয়ে স্টাম্প ভাঙার চেষ্টার করেন তিনি। ততক্ষণে দেরি হয়ে গেছে। প্রান্ত বদল করে ফেলেন সিক্সার্সের দুই ব্যাটসম্যান। ম্যাচ ‘টাই’?
সিক্সার্সের দুই ব্যাটসম্যান ম্যাচটা ‘টাই’ ধরে নিয়েই ফেটে পড়েন উল্লাসে। ওদিকে রেনেগেডসের খেলোয়াড়েরা বিস্ময়ে বিমূঢ়। তাঁদের সব প্রশ্ন মাঠের দুই আম্পায়ারকে ঘিরে। উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়ায় বল তো ‘ডেড’? না, তাঁদের এ দাবি ধোপে টেকেনি। ম্যাচ ‘টাই’—রায় দেন আম্পায়াররা। পরে অবশ্য এক ওভারের ‘এলিমিনেটর’ লড়াইয়ে রেনেগেডসই জিতেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ততক্ষণে ঝড় বইছে! সবার প্রশ্ন ‘ডেড বল’ আইন এতটা বিতর্কিত কেন? ‘ডেড বল’ আসলে ঠিক কখন ‘ডেড বল’?
ক্রিকেটের ২০.২ ধারায় পরিষ্কার বলা আছে, ম্যাচে ‘ডেড বল’ নির্ধারণের ক্ষমতা শুধুই আম্পায়ারের, ‘বল শেষ পর্যন্ত মীমাংসা (ওই ডেলিভারির খেলা) হয়েছে কি না, তা সিদ্ধান্ত নেবেন আম্পায়ার।’ প্রাসঙ্গিক আরেকটি ধারায় (২০.১.১.১) বলা হয়েছে, বল তখনই ‘ডেড’ হবে, ‘যখন তা উইকেটরক্ষক কিংবা বোলারের হাতে জমা পড়বে।’
সেই ধারায় আরও বলা হয়েছে, ‘বোলিং প্রান্তের আম্পায়ার যখন বুঝতে পারবেন, ফিল্ডিং দল ও ব্যাটসম্যানদের খেলা থেমেছে, তখনই সেটা ডেড বল।’ ক্রিকেট আইনের রক্ষক এমসিসি কিন্তু আম্পায়ারদের পক্ষে। তাঁদের যুক্তি, ইনগ্লিস বলটা ছুড়ে দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন শেটারওয়েট, ‘যার অর্থ হলো, ফিল্ডিং দলের একজন সদস্য মনে করেছিলেন ডেলিভারিটি আছে (বল ডেড হয়নি)। তা ছাড়া শেটারওয়েট পিচের মাঝ পর্যন্ত ছুটে আসার আগে অ্যালেও দৌড় শুরু করেননি—ঠিক সেই মুহূর্তে ২০.১.২ ধারার অধীনে বলটা ডেড হয়নি।’