দ্য হানড্রেডে দল আছে আটটি, চারটিতে আছে ভারতীয় মালিকানা। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার লন্ডনে হওয়া দ্য হানড্রেডের নিলামে চোখ ছিল ভারতীয়দের। এবারের নিলাম থেকে দলগুলো মোট ৮৭ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে সবাইকে ছাপিয়ে ভারতীয়দের আলোচনায় এখন আবরার আহমেদের নাম।
পাকিস্তানের এই লেগ স্পিনারকে ১ কোটি ৯০ লাখ পাউন্ড দামে কিনেছে সানরাইজার্স লিডস। দলটির মালিকানায় আছে চেন্নাইভিত্তিক সান গ্রুপ, আইপিএলে যারা সানরাইজার্স হায়দরাবাদ চালায়। আবরারকে দলে নেওয়ায় সানরাইজার্স লিডস এখন ভারতীয়দের তোপের মুখে। নিলামের পর ফ্র্যাঞ্চাইজিটির এক্স হ্যান্ডল কয়েক ঘণ্টা সাসপেন্ড অবস্থায় ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের দাবি, ভারতীয় বোর্ড বিসিসিআই যেন এ বিষয়ে পদক্ষেপ নেয়।
তবে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, এ বিষয়ে ভারতীয় বোর্ডের কিছু করার নেই। দ্য হানড্রেডে বিসিসিআইয়ের এখতিয়ারের বাইরে উল্লেখ করে শুক্রবার দুপুরে বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘এর সঙ্গে আইপিএলের কোনো সম্পর্ক নেই। এটি একটি বিদেশি লিগ। এটি আমাদের ডোমেইনের মধ্যে পড়ে না। আমরা কিছু করতে পারি না। সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’
সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে সানরাইজার্স লিডসের নিলাম টেবিলে ছিলেন প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি ও মালিক কাব্য মারান। এক কোটি ভিত্তিমূল্যের আবরারের জন্য ট্রেন্ট রকেটসও আগ্রহ দেখিয়েছিল। তবে নিলামের লড়াইয়ে শেষ পর্যন্ত লিডসই জেতে।
পরে ভেট্টরি সংবাদমাধ্যমের সামনে আবরারের জন্য জোর প্রচেষ্টার কারণ ব্যাখ্যা করেন। ২৫ বছর এই স্পিনার তাদের পরিকল্পনায় ছিল জানিয়ে তিনি বলেন, ‘আদিল রশিদকে (সাউদার্ন ব্রেইভের কাছে) হারানোর পর আমরা স্বাভাবিকভাবেই বিদেশি স্পিনারের দিকে ঝুঁকেছি। আমাদের নজরে ৪-৫ জন খেলোয়াড় ছিল, আবরার তাদের মধ্যে একজন। তাকে পেয়ে আমরা খুবই খুশি।’
ভারত-পাকিস্তানের শত্রুভাবাপন্ন সম্পর্কের জেরে ২০০৯ থেকে আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া হয় না। ভারতের বাইরে দক্ষিণ আফ্রিকার এসএ টুয়েন্টি ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টুয়েন্টিতে যেসব ভারতীয় মালিকানার দল আছে, সেগুলোতেও পাকিস্তানিদের নেওয়া হয় না।
গুঞ্জন ছিল ভারতীয় মালিকেরা যুক্ত হওয়ার পর এবার দ্য হানড্রেডেও একই প্রবণতা দেখা যাবে। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও আটটি ফ্র্যাঞ্চাইজি পরে সবাইকে সমানভাবে দেখা হবে বলে বিবৃতি দিয়েছিল।
দ্য হানড্রেড নিলামে আবরারের পাশাপাশি দল পেয়েছেন আরেক পাকিস্তানি উসমান তারিক। তাঁকে কিনেছে ব্রিটিশ মালিকানার বার্মিংহাম ফিনিক্স। এই দলে ডাক পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও। আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের এবারের আসর।