
মিরপুরে এখন প্রতিদিনই আসছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ প্রস্তুতি নেন এশিয়ান গেমসের জন্য, কেউ নেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রস্তুতি। এশিয়ান গেমসের দল ঘোষণা হয়েছে আগেই, আজ ঘোষণা করা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দলও।
দুই দলের কোনোটিতেই নেই নাহিদ রানা। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর এখনো তিনি মাঠে ফেরেননি। কবে ফিরবেন? আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল নিয়ে দেওয়া এক ভিডিও বার্তায় এর উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় হাবিবুল বাশার জানিয়েছেন, ১০ অক্টোবরের আগে খেলার মতো ফিট হওয়ার সম্ভাবনা নেই নাহিদের। স্বাভাবিকভাবেই তাই তাঁকে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৯ অক্টোবর শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের দলে রাখা হয়নি।
ওই টেস্টের পরপরই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও তাঁর থাকার সম্ভাবনা কম। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনো ফাইনালের দৌড়ে আছে বাংলাদেশ। এই চক্রে এখনো ৬ ম্যাচ বাকি—অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি, নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে দুটি আর ইংল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচেই নাহিদ রানাকে চান নির্বাচকেরা। হাবিবুল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা তাঁকে খুব করে চাচ্ছি। আশা করি তিনি এই সময়ের ভেতর ফিট হয়ে যাবেন। সে ক্ষেত্রে তাঁর ফেরার সম্ভাব্য সেরা পথ কী হতে পারে, সেটা নিয়ে আমরা আলাপ করছি। সেটা হতে পারে আমাদের যে ওয়ানডে আছে (আমিরাতে ত্রিদেশীয় সিরিজে) সেখানে দুটি ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি নেবেন, নাকি প্রথম শ্রেণির ক্রিকেট মৌসুমে খেলে টেস্ট ম্যাচের প্রস্তুতি নেবেন।’
৩ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে। সেখানে নাহিদ রানার খেলার ইঙ্গিত আছে হাবিবুলের কথায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ বিবেচনায় নিয়ে বিশ্রাম দেওয়া হয়েছে জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদকেও। এ নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘তাঁকেও প্রাধান্য দিচ্ছি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর জন্য। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন তাঁকে পুরোপুরি পাই, সে জন্য এই টেস্ট ম্যাচে তাঁকেও রাখা হয়নি। তবে তিনি হয়তো ত্রিদেশীয় সিরিজে খেলবেন।’
আফগানিস্তান টেস্টের দলে নেই অস্ট্রেলিয়া সিরিজে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান অমিত হাসানও। অস্ট্রেলিয়ায় দুই টেস্টের কোনোটিতেই না খেলা অমিতের জায়গায় নেওয়া হয়েছে জাকের আলীকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ আশাজাগানিয়া— জুনে জিম্বাবুয়ে ইমার্জিং দলের বিপক্ষে দুই ম্যাচেই ফিফটি পেয়েছেন। গত মাসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষেও করেছেন ৯৪ রান।
হাবিবুল বাশার এ নিয়ে বলেন, ‘আমরা অমিত হাসানকে উইকেটকিপার হিসেবে নিয়েছিলাম, যাঁকে আমরা অবশ্যই ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় হিসেবে চিন্তা করছি। কিন্তু এই মুহূর্তে আমরা জাকের আলীকে আবার ফিরিয়ে এনেছি। তিনি আমাদের আগের পছন্দ ছিলেন, মাঝে ফর্মের কারণে বাদ পড়ে গিয়েছিলেন। এরপর তাঁর কাছ থেকে যেটা আমরা আশা করেছিলাম, তিনি সেই আশাটা খুব ভালোভাবে পূরণ করেছেন।’