আফগানিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন হাশমতউল্লাহ শহীদি
আফগানিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন হাশমতউল্লাহ শহীদি

আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কের পদ ছাড়লেন হাশমতউল্লাহ শহীদি

আফগানিস্তান ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাশমতউল্লাহ শহীদি। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনে ভারত সফর পর্যন্ত মোট ৫৫টি ওয়ানডেতে আফগানদের নেতৃত্ব দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শহীদি, ‘সম্পূর্ণ সম্মান এবং সম্মতির ভিত্তিতে একটি ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানাচ্ছি—নিজের দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করছি। অধিনায়ক হিসেবে এ দায়িত্ব পালন করা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় ছিল। সততা, একতা ও একাগ্রতা নিয়ে সতীর্থদের পাশে থেকে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানের অধিনায়কত্বে আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ ও বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়। তাঁর অধীনে আফগানিস্তান জিতেছে ২৭ ম্যাচ। এর মধ্যে ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে অবিস্মরণীয় জয় পায় আফগানরা।

বিশ্বকাপ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করায় ২০২৫ সালে দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পায় আফগানিস্তান। সেখানেও তারা ইংল্যান্ডকে হারায়, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেমিফাইনালে ওঠা হয়নি।

অনুশীলনে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি

শহীদির অধিনায়কত্বে আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজেও সাফল্য পেয়েছে। তাঁর অধীনে বাংলাদেশকে তিনবার, জিম্বাবুয়েকে দুবার এবং দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডকে একবার করে সিরিজে হারিয়েছে আফগানরা।

অধিনায়ক হিসেবে শহীদির ব্যাটিং পরিসংখ্যানে বড় পরিবর্তন আসেনি। ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় ছিল ৩২.৯৭ এবং স্ট্রাইক রেট ৬৪.৩৯। অধিনায়কের দায়িত্বে আসার পর যা সামান্য বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৩৩.৭৯ এবং ৭০.৭৭।

৯৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে শহীদির একমাত্র সেঞ্চুরি আফগানিস্তানের সর্বশেষ ম্যাচে—চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ১৩১ বলে ১০২ রানের ইনিংস।

আগামী আগস্টে আয়ারল্যান্ড সফরে যাবে আফগানিস্তান, যেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে তারা। এই সিরিজের জন্য এখনো নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শহীদি জানিয়েছেন, অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে দলে খেলা চালিয়ে যাবেন।