আবার আলোচনায় বিরাট কোহলি। তবে এবার ব্যাট হাতে পারফর্ম করে নয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন কোহলি। মাঠের দ্বন্দ্ব ভুলে কোহলির সঙ্গে ম্যাচ শেষে হেড হাত মেলাতে চেয়েছিলেন। কোহলি সেটিও না করায় আলোচনায় উঠে এসেছে তাঁর এমন আচরণ।
আইপিএলে গতকাল সানরাইজার্স হায়দরাবাদ আগে ব্যাটিং করে তুলেছিল ২৫৫ রান। সেই রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে হেডের সঙ্গে দ্বন্দ্বে জড়ান কোহলি। হেডের কোনো একটি মন্তব্যে ক্ষিপ্ত হয়ে কোহলি তাঁর উদ্দেশে বলেন, ‘ঠিক আছে, এসে কয়েকটা বল করো।’ এর কয়েক বল পরই কোহলি আউট হয়ে গেলে হেড পাল্টা খোঁচা দিয়ে বলেন, ‘আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে!’
হেড পরে ১ ওভার বোলিংও করেন। ইনিংসে ১৯তম ওভারে ৭ রান দিয়ে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের উইকেট নেন। তখন অবশ্য ম্যাচের ভাগ্য লেখা হয়েই গিয়েছিল। শেষ ২ ওভারে বেঙ্গালুরুর লাগত ৭৯ রান। শেষ পর্যন্ত তারা হেরেছে ৫৫ রানে।
মাঠের সেই উত্তাপ কোহলি টেনে নেন ম্যাচ শেষে প্রথাগত করমর্দন পর্বেও। দুই দলের খেলোয়াড়েরা ম্যাচ শেষে যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন হেড হাত বাড়িয়ে দিলেও কোহলি তা সম্পূর্ণ উপেক্ষা করে সামনে এগিয়ে যান। অবশ্য হেডের স্বদেশি হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সসহ বাকি খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিকভাবেই হাত মেলান কোহলি।
কোহলির এমন আচরণ মোটেও ভালোভাবে নেননি ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। বিষয়টির সমালোচনা করে তিনি বলেন, ম্যাচ শেষের এই ঘটনা সহজেই এড়ানো যেত। মাঠে আগ্রাসন থাকতেই পারে, তা খেলারই অংশ। তবে ম্যাচ শেষে হাত মেলাতে অস্বীকৃতি জানানো কোহলির মতো বড় খেলোয়াড়ের কাছ থেকে মোটেও সঠিক আচরণ ছিল না।