এশিয়া কাপে শিরোপার অন্যতম দাবিদার ছিল ভারত। অনেক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট–বিশ্লেষক আগে থেকেই ফাইনালে দেখছিলেন ভারতকে। অথচ সেই দলটার ভাগ্য এখন সুতোয় ঝুলছে। ভারতের এশিয়া কাপের ফাইনালে খেলা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এসব নিয়ে মোটেই উদ্বিগ্ন নন। রোহিতের দাবি, এই টুর্নামেন্টকে তাঁরা নিয়েছেন পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হিসেবে।
টি–টোয়েন্টি ক্রিকেট সাধারণত ভারত তিনজন পেসার নিয়ে খেলে। সেখানে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এত গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত খেলেছে দুই পেসার ও পেস বোলিং অলরাউন্ডার নিয়ে। হার্দিক পান্ডিয়াকে দেখা হচ্ছে পঞ্চম বোলার হিসেবে।
রোহিত শর্মার দাবি, বিভিন্ন ছকে তাঁর দল কেমন করে, সেটা দেখতেই এমন একাদশ মাঠে নামানো হয়েছে, ‘কেমন পারফরম্যান্স করে, তা দেখতেই তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছি। আমরা এখনো বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছি। চারজন পেসার নিয়ে মাঠে নামাই আদর্শ কম্বিনেশন। কিন্তু তিনজন পেসার নিয়ে খেললে কী হয়, সেটাও পরখ করে দেখতে হবে। বিশ্বকাপের জন্য আমি প্রস্তুত হয়ে থাকতে চাই, যেখানে আপনি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। বিশ্বকাপের আগেই সব প্রশ্নের উত্তর চাই।’
ভারতীয় ক্রিকেট দলে পরীক্ষা–নিরীক্ষা চলছে অনেক দিন ধরেই। বারবার অধিনায়ক বদল, সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম, নতুন নতুন কম্বিনেশনে মাঠে নামা—হরহামেশাই করছে ভারত। প্রায় প্রতি ম্যাচের আগেই কে খেলবে, আর কে খেলবে না, তা নিয়ে একটা জল্পনা থাকেই।
অনেকেই ভেবেছিলেন, এশিয়া কাপের মতো বড় আসরে ভারত সেরা দলটাই খেলাবে। গত রোববার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য কোচ রাহুল দ্রাবিড়ও জানিয়েছিলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই সেরা একাদশই প্রতি ম্যাচে খেলানো হবে। যদিও রোহিতের কণ্ঠে শোনা গেল অন্য সুর, ‘এটা দেখে রাখা ভালো, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামলে কেমন পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরাজয়গুলো আপনাকে অনেক কিছু শেখাবে।’