গতকালও পিএসএলে ফিফটি করেছেন শোয়েব
গতকালও পিএসএলে ফিফটি করেছেন শোয়েব

বয়স নিয়ে শাহরুখের উদাহরণ টানলেন শোয়েব

সেই ১৯৯৯ সালের অক্টোবরে শুরু। শারজায় এক ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান মাঠে নামাল এক তরুণ অফ স্পিনারকে। অনেকটাই সাকলায়েন মুশতাকের মতো করে বোলিং করছিলেন বলেই তাঁকে নিয়ে তৈরি হয় আলাদা আগ্রহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই ৮ ওভার বোলিং করে ৩৪ রানে ২ উইকেট নিয়েছিলেন সেই তরুণ। নাম শোয়েব মালিক।

এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একেকটি সিঁড়ি ডিঙিয়ে পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নেতৃত্বও দিয়েছেন দেশকে। প্রায় ২৪ বছর হয়ে গেছে তাঁর ক্রিকেট ক্যারিয়ার। ৪১ বছর বয়সেও চুটিয়ে খেলে যাচ্ছেন শোয়েব মালিক। টেস্ট ও ওয়ানডেকে বিদায় বললেও খেলে যাচ্ছেন টি-টোয়েন্টি।

গতকাল পিএসএলে করাচি কিংসের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে শোয়েব খেলেছেন ৩৪ বলে ৫২ রানের ইনিংস। ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় সাজানো এই ইনিংসের ওপর ভর করেই পেশোয়ারের করা ১৯৯ রান প্রায় তাড়া করে ফেলেছিল করাচি। কিন্তু শেষ পর্যন্ত ১৯৭ রানে থেমে যায় দলটি। কিছুদিন আগে বিপিএলেও রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলেছেন মালিক।

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলেছেন শোয়েব মালিক

ফরচুন বরিশাল আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে করেছেন দুটি অপরাজিত ফিফটি। ফাইনালে ওঠা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও খেলেছেন ৪১ রানের একটি ইনিংস। ৪৪ রান করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষেও। মোটকথা, টি-টোয়েন্টি ক্রিকেটে শোয়েব মালিক দাপটের সঙ্গেই রাজত্ব করে চলেছেন। কাল পিএসএলে করাচি-পেশোয়ার ম্যাচের পর এই বয়সে এমন পারফরম্যান্সের প্রসঙ্গটা উঠেছিল।

শোয়েব মালিক অনেকটা টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ঢঙেই উড়িয়ে দিয়েছেন বয়সের ব্যাপারটি। তিনি বয়সের বদলে সবাইকে ‘অভিজ্ঞতা’কে মূল্যায়ন করার পরামর্শ দিয়েছেন।

বয়স নিয়ে শোয়েব মালিকের উত্তরটা ছিল বেশ মজার। তিনি উদাহরণ টেনেছেন বলিউড তারকা শাহরুখ খান আর টেনিসের ২২ গ্র্যান্ড স্লাম বিজয়ী তারকা নোভাক জোকোভিচের, ‘শাহরুখ খান এই বয়সে সম্প্রতি একটা ছবি সুপারহিট করিয়েছেন। জোকোভিচ ৩৬ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। শাহরুখকে তাঁর সাম্প্রতিক ছবিতে দেখে তো মনে হয়েছে “ওল্ড ইজ গোল্ড”।’

শোয়েব মালিক বয়স নিয়ে চিন্তিত না হয়ে অভিজ্ঞতাকে মূল্যায়ন করারই অনুরোধ জানিয়েছেন সবাইকে, ‘আমাদের কারোরই বয়স নিয়ে মাথা ঘামানো উচিত নয়। নোভাক জোকোভিচ ৩৬ বছর বয়সে যদি গ্র্যান্ড স্লাম জেতে, তাহলে সেই উদাহরণ মাথায় নিয়ে আমাদের দেখা উচিত, কেউ তরুণদের সঙ্গে খেলে যেতে পারছে কি না! আমাদের দেখা উচিত কোনো বয়স্ক খেলোয়াড়কে ফিল্ডিংয়ের সময় আড়াল করতে হচ্ছে কি না, কিংবা সে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করছে কি না!’ সবার জন্য সমান সুযোগ চান এই স্পিন অলরাউন্ডার, ‘বয়স্কদের জন্য এক রকম নিয়ম আর তরুণদের জন্য আরেক রকম নিয়ম কেন হবে? এ ব্যাপারটা আমাদের ভাবতে হবে।’

পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে আর ১২৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শোয়েব মালিক। প্রথম শ্রেণির ম্যাচ তাঁর ১২৬টি, লিস্ট ‘এ’ ৪০৫টি। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৫০৫টি। মালিক কতটা অভিজ্ঞ, সেটির ছোট্ট একটা উদাহরণ হতে পারে ক্যারিয়ারে তাঁর দলের সংখ্যা। এখনো পর্যন্ত পাকিস্তান দল ছাড়াও তিনি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ১৬টি ভিন্ন দলের হয়ে খেলেছেন।

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের নিয়মিত মুখ হিসেবে বিভিন্ন সময় খেলেছেন চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রাজশাহী রয়্যাল ও রংপুর রাইডার্সের হয়ে। ২০০৮ সালে প্রথম আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। এর পাশাপাশি তিনি কাউন্টি ক্রিকেটেও খেলেছেন বিভিন্ন সময়।
পোড়খাওয়া ও অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে শোয়েব মালিকের চেয়ে ভালো উদাহরণ আর কে আছেন!