অনুশীলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স
অনুশীলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

বললেন কামিন্স

ওয়ানডে ক্রিকেটই পেসারদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং

টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি—ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে ওয়ানডেকে শারীরিক দিক থেকে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক বলেছেন, ওয়ানডে ক্রিকেটে পেসারদের শরীরের ওপর সবচেয়ে বেশি চাপ পড়ে।

কামিন্স এমন সময়ে কথাটি বলেছেন, যখন ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পঞ্চাশ ওভারের ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজ বাদ দিয়ে শুধু বিশ্বকাপ আয়োজন করার পরামর্শও দিচ্ছেন কেউ কেউ।

এবারের বিশ্বকাপে খেলা অধিনায়কদের মধ্যে কামিন্সই সবচেয়ে কম ওয়ানডে খেলেন। এই সংস্করণে তাঁর অভিষেক ২০১১ সালে হলেও এখন পর্যন্ত মাত্র ৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপের পর থেকে ২০২৩ বিশ্বকাপের আগপর্যন্ত চার বছরে খেলেছেন মাত্র ১৯টি ম্যাচ। গত রোববার চেন্নাইয়ে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে যে ম্যাচ খেলে, সেটি ছিল চলতি বছরে কামিন্সের তৃতীয় ওয়ানডে।

আগামীকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। এ উপলক্ষে আজ লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অস্ট্রেলীয় অধিনায়ক। ওয়ানডে ক্রিকেট প্রসঙ্গে বলতে গিয়ে এর শারীরিক প্রভাবের কথা টেনে আনেন কামিন্স, ‘এটা পুরোপুরি শারীরিক শক্তির সংস্করণ। আমার মনে হয়েছে, এক সপ্তাহে দুই–তিনটা ম্যাচ খেললে এটা সম্ভবত সবচেয়ে বেশি শারীরিক চাপের ফরম্যাট। একটা ৫০ ওভারের ম্যাচে আমরা ১৫ কিলোমিটার দৌড়াই।’

বোলিংয়ের দিক থেকে টি–টোয়েন্টির সঙ্গে ওয়ানডের পার্থক্যও তুলে ধরেন অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘টি–টোয়েন্টিতে খুব ভালো একটা ওভারও ম্যাচ জিতিয়ে দিতে পারে। কিন্তু ওয়ানডে ক্রিকেটে এটা হয় না। আর ওয়ানডেতে কন্ডিশন বোলারদের পক্ষে থাকাও বিরল ব্যপার, যদিও এটা মেনে নেওয়া যায়। চ্যালেঞ্জটা হচ্ছে চেষ্টা করা এবং মানিয়ে নেওয়া। ব্যাপারটা কঠিন হলেও আমি উপভোগই করি।’

সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

ওয়ানডেতে একজন পেসারকে কী কী পরিস্থিতিতে বোলিং করতে হয় জানিয়ে কামিন্স বলেন, ‘ওয়ানডেতে ভূমিকাটা হয় ভিন্ন ভিন্ন। শুরুতে সুইং আদায়ের জন্য বোলিং করা থেকে শুরু করে বদলি হিসেবে বল হাতে নেওয়া, ম্যাচ বাঁচানোর জন্য ক্রস সিমার হয়ে ওঠা এবং চাপের মধ্যে উইকেট নেওয়ার কাজ করা। অন্যান্য ফরম্যাটের চেয়ে এটা ভিন্ন ধারার।’