
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশ দলের। একই সঙ্গে উন্নতি হয়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও। কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নাজমুল হোসেন ও লিটন দাস এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজও এগিয়েছেন।
আজ আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে এ সব তথ্য জানা গেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজজয়ের পথে মোট ১৮ উইকেট নিয়েছিলেন রানা, শরীফুল ও মোস্তাফিজ। এর মধ্যে ৩ ম্যাচে ৮ উইকেট নেওয়া রানা ১৬ ধাপ এগিয়েছেন, তাঁর বর্তমান অবস্থান ৪৮। তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া শরীফুল এগিয়েছেন ১১ ধাপ, এই মুহূর্তে আছেন ২৮তম স্থানে। আর সিরিজে মাত্র এক ম্যাচ খেলে ৫ উইকেট নেওয়া মোস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৪১তম স্থানে।
সিরিজে দুই দলের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেনও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ১১ ধাপ এগিয়ে বাঁহাতি এ ব্যাটসম্যান এখন ৩২তম স্থানে। এ ছাড়া একটি ফিফটিসহ ৩ ম্যাচে ১২৯ রান করা লিটন এগিয়েছেন ১৫ ধাপ, বর্তমান অবস্থান ৬৫তম।
ব্যাটিং-বোলিং দুটির সমন্বয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন অধিনায়ক মিরাজ। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ৩৬ রান ও ২ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তাঁর ও মোহাম্মদ নবীর রেটিং ২৭৫ করে।
৩২৯ রেটিং নিয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ২৭৬ রেটিং নিয়ে দুইয়ে সিকান্দার রাজা।
এই র্যাঙ্কিংয়ে হালনাগাদ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টুয়েন্টির পারফরম্যান্সও। ৫১ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে।