টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ
টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ

ডারউইনে ইতিহাস গড়ে ক্যারিয়ার–সর্বোচ্চ অবস্থানে নাজমুল-হাসানরা, শীর্ষস্থান খোয়ালেন হেড

ডারউইনে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়াকে হারানোর পর র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। অধিনায়ক নাজমুল হোসেন তো উঠে এসেছেন ক্যারিয়ারসেরা অবস্থানেই।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন নাজমুল। ম্যাচে ওই একবারই ব্যাট করা অধিনায়ক ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ২০তম স্থানে। নাজমুল অবশ্য আজ প্রকাশিত সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক নম্বর নন। নাজমুলের চেয়ে ৮ রেটিং পয়েন্টে এগিয়ে থেকে ১৮ নম্বরে মুশফিকুর রহিম। ডারউইনে ক্যারিয়ারের ১০৪তম ম্যাচ খেলা মুশফিকের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে ৩১-এ উঠেছেন। এগিয়েছেন সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজও। ওপেনার সাদমান তিন ধাপ এগিয়ে ৫৮ নম্বরে ও মিরাজ পাঁচ এগিয়ে উঠেছেন ৫৯ নম্বরে।

সবচেয়ে বড় লাফটা দিয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ হাসান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের পর ৮৪ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠেছেন এই ওপেনার।

শীর্ষস্থান খুইয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড

বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার খেসারত দিয়ে টেস্ট ব্যাটিংয়ের এক নম্বর জায়গা হারিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। দুই ইনিংসে ২২ ও ১৭ রান করা হেড তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন চারে। হেডের পতনে এক নম্বর হয়ে আজ হেডিংলি টেস্টটা শুরু করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ব্রুকের অধিনায়ক জো রুট উঠছেন দুইয়ে। হেড–সতীর্থ স্টিভ স্মিথ আছেন তিনে। ব্রুকের চেয়ে মাত্র ৩৩ পয়েন্টেই পিছিয়ে হেড।

টেস্ট বোলিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন গল টেস্টে না খেলা ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। বাংলাদেশের এক নম্বর তাইজুল ইসলাম। আগের মতোই ১১ নম্বরে আছেন এই বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া অফ স্পিনার মিরাজ তিন ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে।

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ

প্রথম ইনিংসে ৬, দ্বিতীয় ইনিংসে ৩—ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা পেসার হাসান মাহমুদ ২৬ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৩৮ নম্বরে। তাসকিন আহমেদ এগিয়েছেন এক ধাপ, উঠেছেন ৪৯ নম্বরে। চার ধাপ এগিয়ে ৮২ নম্বরে উঠেছেন আরেক পেসার ইবাদত হোসেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজ আছেন আগের মতোই তিন নম্বরে। শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা।