
ক্রিকেট মাঠে কেভিন পিটারসেনকে অনেক রূপেই দেখা গেছে। কখনো বিধ্বংসী ব্যাটসম্যান, কখনো অধিনায়ক, কখনো ধারাভাষ্যকার। কিন্তু মাথায় গামছা, গায়ে কুর্তা-পায়জামা পরে উত্তর প্রদেশের এক কাল্পনিক গ্রামের বাসিন্দা হয়ে যাবেন, সেটা বোধ হয় তাঁর ভক্তরাও ভাবেননি।
গ্রামটির নাম ফুলেরা। জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সেই গ্রাম। আর সেখানে এবার হাজির ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান পিটারসেন!
শুক্রবার সন্ধ্যায় একটি ছবি প্রকাশ করে চমকে দিয়েছিল প্রাইম ভিডিও ইন্ডিয়া। ছবিতে দেখা যাচ্ছিল, মাথায় গামছা বাঁধা পিটারসেনকে ধরে রেখেছেন দুই গ্রামবাসী। তাঁদের একজন আবার মোটরসাইকেলে বসা। ছবির সঙ্গে লেখা ছিল, ‘একটু দাঁড়ান...ফুলেরায় কেভিন পিটারসেন কী করছেন?’
রহস্যটা অবশ্য বেশিক্ষণ রাখতে পারেনি প্রাইম ভিডিও। আজ দুপুর ১২টায় প্রকাশ করেছে দুই মিনিট ৪১ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও। তাতে দেখা যাচ্ছে, ফুলেরার চেনা দুই বাসিন্দা বানরাকাস ও বিনোদের সঙ্গে দিব্যি জমিয়ে দিয়েছেন পিটারসেন। ক্রিকেটের মাঠ থেকে এবার অভিনয়ের আঙিনায়!
কুর্তা-পায়জামা আর গামছা পরে পিটারসেনকে কথা বলতে দেখা যাচ্ছে হিন্দিতে। সিরিজের পুরোনো কিছু ঘটনার স্মৃতিচারণা করছেন। পরিচয় করিয়ে দিচ্ছেন নতুন প্রধানের সঙ্গেও। ফুলেরার মানুষের জীবনযাপনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টাও আছে তাঁর মধ্যে। সেই চেষ্টার একটা নমুনা চায়ের দোকানে। পিটারসেন জানিয়ে দিচ্ছেন, ফুলেরায় এসে কেউ চাইলেই দোকানে যেনতেন ভাবে চায়ের অর্ডার দিতে পারে না। এখানে চা চাইতে হয় এভাবে, ‘আয়ে, দো কাপ চায়ে!’
শুধু চা খেয়েই অবশ্য ফুলেরা ভ্রমণ শেষ করেননি পিটারসেন। গ্রামের দর্শনীয় জায়গাগুলোও ঘুরে দেখিয়েছেন দর্শকদের। সেখানকার পানির ট্যাংক দেখে তাঁর মনে হয়েছে আইফেল টাওয়ারের কথা। তুলনাটাও মজার। প্যারিসের আইফেল টাওয়ার যেমন প্রেমের জন্য বিখ্যাত, ফুলেরার পানির ট্যাংকও তেমনি প্রেমের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। সিরিজের গল্পে এই জায়গাতেই প্রেমের ফুল ফুটেছিল। সব মিলিয়ে পিটারসেনের কাছে ফুলেরা ভারতের ঘুরে দেখার সেরা জায়গা!
প্রাইম ভিডিওর ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনেও মজার ছলে লেখা হয়েছে, ‘দেখ রাহা হ্যায় বিনোদ, কেভিন পিটারসেনজি কিতনা পেয়ার কারতে হ্যায় ফুলেরাসে!’
পিটারসেনের ভারত-যোগ অবশ্য বেশ পুরোনো। গত ১৫ বছরে দেশটির ক্রিকেট ও বিনোদনজগতে নানা ভূমিকায় দেখা গেছে তাঁকে। আইপিএলে পাঁচ মৌসুম খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। ২০১২ সালে আইপিএলে তাঁর সেরা মৌসুমে করেছিলেন ৩০৫ রান। ২০১৪ সালে দিল্লির অধিনায়কত্বও করেছেন।
২০২৫ সালে আবার দিল্লির সঙ্গে যুক্ত হন। এবার অবশ্য খেলোয়াড় হিসেবে নয়, দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে। লেজেন্ডস লিগ ক্রিকেটে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়েও খেলেছেন। পাশাপাশি ভারতে নিয়মিত ধারাভাষ্য দিয়েছেন।
টেস্ট ক্রিকেটে ৮ হাজার ১৮১ রান, গড় ৪৭.২৮, সেঞ্চুরি ২৩টি। পিটারসেনের ক্রিকেটীয় পরিচয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে ফুলেরায় এসে তাঁর নতুন পরিচয়, গামছা পরা বিদেশি পর্যটক!
‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম মুক্তি পাবে ৩ ডিসেম্বর, প্রাইম ভিডিওতে। সেখানে পিটারসেনের উপস্থিতি কতটা, তা অবশ্য এখনো পরিষ্কার নয়। আপাতত এটুকু নিশ্চিত, সিরিজের প্রচারণায় তিনি বেশ মজার একটা চরিত্র হয়ে উঠেছেন।