ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ভারতে ‘বন্দিদশা’ কাটছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের

মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাতের কারণে নিয়মিত বিমান চলাচল প্রায় বন্ধ। ভারতে আটকা পড়ে অনেকটা ‘বন্দী’ দশা হয়েছিল ক্রিকেটারদের। অবশেষে সেই উৎকণ্ঠার মেঘ কাটছে। আইসিসির বিশেষ চার্টার্ড বিমানে চড়ে ভারত ছাড়ছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড দল আজ (শনিবার) সন্ধ্যায় মুম্বাই থেকে রওনা দেবে। অন্যদিকে গত কয়েক দিন ধরে কলকাতায় অনেকটা অলস সময় কাটানো দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল রোববার ভিন্ন এক চার্টার্ড বিমানে কলকাতা ছাড়বে।

ইংল্যান্ড ক্রিকেট দল

ইংল্যান্ড দল সরাসরি লন্ডনে যাবে। ওয়েস্ট ইন্ডিজ দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথমে যাবে জোহানেসবার্গে, তারপর সেখান থেকে তাঁরা যাবে অ্যান্টিগায়। তবে প্রোটিয়াদের সবার গন্তব্য এক নয়। কেশব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডেদের নিয়ে টিম ম্যানেজমেন্টের বড় একটা অংশ রোববারই পাড়ি জমাবে নিউজিল্যান্ডে। সেখানে ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি–টুয়েন্টি সিরিজে খেলবেন তারা।

টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর কলকাতাতেই অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। ৪ মার্চ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ সুপার এইটে ভারতের কাছে হেরে বাদ পড়ে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি আজ তাঁর এক্স হ্যান্ডলে ‘ডে সিক্স’ লিখে পোস্ট করেন। সুপার এইট থেকে বাদ পড়ার পর ওয়েস্ট ইন্ডিজ দল আজ ষষ্ঠ দিনের মতো ভারতে অবস্থান করছে।

জিম্বাবুয়ে দলও একই সমস্যায় পড়েছিল। ১ মার্চ তাদের শেষ ম্যাচ হলেও দলের একাংশ ভারত ছাড়তে পেরেছে গত বুধবার।