পরিবার নিয়ে হোটেল থেকে বের হচ্ছিলেন খালেদ মাহমুদ। ক্রিকেট নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই তাঁর মধ্যে দেখা যাচ্ছিল না। বাংলাদেশ দল এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছে গ্রুপের দুটি ম্যাচেই হেরে। এমন সময়ে কথা বলতে ভালো লাগার কথাও না। আর সঙ্গে টুর্নামেন্টে দলটা সামলানোর চাপ তো আছেই।
এশিয়া কাপ কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকদের দেখে কয়েক মুহূর্তের জন্য থামলেন মাহমুদ। তখনই ক্লান্তির কথাটা বললেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর, ‘আমার একটুও ভালো লাগছে না। খুব স্ট্রেস গিয়েছে কয়েকটা দিন। এখনই চলে যেতে পারলে ভালো হতো। এদের (পরিবার) নিয়ে একটু ঘুরে আসি। আগামীকাল যাব।’
বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটার অবশ্য আজ রাতেই দেশে ফিরে যাচ্ছেন।
গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শেষটা ভালো হয়নি। মাহমুদের আক্ষেপও সেখানেই, ‘দুই দলের সঙ্গেই জেতা উচিত ছিল। আমরা জিততে শিখতে পারছি না।’
বাংলাদেশ দলের হারের ব্যাখ্যাও এসেছে মাহমুদের কথায়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের উদাহরণ টেনে তিনি বলছিলেন, ‘গতকাল ব্যাটিংটা ভালো হয়েছে। সেটা নিয়ে সবাই খুশি ছিলাম। কিন্তু এত ওয়াইড-নো দিলে কি জেতা যায়? আমরা এই জায়গাতেই পিছিয়ে গেছি। খুব কষ্টকর ছিল মেনে নেওয়া।’
এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল হারলেও তাতে ছিল বেশ কিছু ইতিবাচক দিক। যার মধ্যে মোসাদ্দেক হোসেনের ব্যাটিং ছিল একটি। আজ মাহমুদের কথাতেও এল মোসাদ্দেকের প্রসঙ্গ, ‘শেষে মোসাদ্দেকের ব্যাটিংটা দেখেছেন? কী ইনটেন্ট ছিল, নেমেই মারা শুরু করল। আমরা তো এ রকমই চাই। কিন্তু ভাগ্য খারাপ আমাদের। হতে হতেও হলো না। কী আর করা।’
মাহমুদের মতো হতাশ মনে হয়েছে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশারকেও। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য হতাশার মধ্যেও সামনে তাকানোর পরিকল্পনা জানালেন। ১৫ সেপ্টেম্বরের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার কথা। তার আগে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম মিরপুরে বিশেষ এক ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছেন। সেখানে নতুন কয়েকজন ক্রিকেটারদের দেখবেন এই ভারতীয় কোচ। শ্রীরামের বিশেষ ক্যাম্পে অবশ্য থাকছেন না সাকিব আল হাসান।
জালাল ইউনুস বলেন, ‘১১ তারিখ শ্রীরাম চলে আসবে। তিন-চার দিনের একটা ক্যাম্প হবে। ওখানে কিছু পেস বোলার থাকবে। ব্যাটসম্যানদের সেশন হবে। এগুলো দেখবে। আরও কয়েকজন খেলোয়াড় যুক্ত হতে পারে, ওদের দেখবে। সেপ্টেম্বরের ১৫ তারিখে দল দেওয়ার শেষ সময়। তার আগেই আমরা দল দেব।’
বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজ খেলবে। সূচি অনুযায়ী বাংলাদেশ দলের নিউজিল্যান্ড যাওয়ার কথা ৩০ সেপ্টেম্বর। এখন সেটি এগিয়ে আনার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে যেতে চায় বাংলাদেশ, ‘চেষ্টা করা হচ্ছে নিউজিল্যান্ডে গিয়ে দল যেন যথেষ্ট অনুশীলনের সময় পায়। আমরা আগেভাগে যাওয়ার চেষ্টা করছি, যদি ব্যবস্থা করতে পারি তাহলে আগেভাগেই যাব। জেমি সিডন্স সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন।’