এবারের বিপিএলে উইকেটকিপার হিসেবে খেলছেন পারভেজ
এবারের বিপিএলে উইকেটকিপার হিসেবে খেলছেন পারভেজ

অনেক দিন পর কিপিং উপভোগ করছেন পারভেজ

এবারের বিপিএলে পারভেজ হোসেনের ভূমিকা একেবারেই ভিন্ন! বাঁহাতি এই ব্যাটসম্যান ওপেনার থেকে হয়ে উঠছেন মিডল অর্ডার ব্যাটসম্যান, সঙ্গে উইকেটকিপারও! সিলেট টাইটানসে খেলা এই ক্রিকেটার দুই ভূমিকাই সামলাচ্ছেন দারুণভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা বাংলাদেশ দলের জন্য ভালো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পারভেজের দলে থাকা অনেকটাই নিশ্চিত। শোনা যাচ্ছে, টিম ম্যানেজমেন্টের পরামর্শেই নাকি পারভেজ খেলছেন চারে। পারভেজ এখন পর্যন্ত বিপিএলে ম্যাচ খেলেছেন ৪টি।

কালকে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটি ছাড়া রান পেয়েছেন প্রতিটিতেই। কাল তিনি ১৫ রান করে ফিরেছেন। এর আগে তিন ম্যাচে দুটিতেই করেছেন ফিফটি, অন্যটিতে ৪৪। প্রতিটি ম্যাচেই ব্যাটিং করেছেন চার নম্বরে।

৪ ম্যাচে ১৮৪ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। স্ট্রাইক রেটটাও দারুণ—১৪৭.২০, টুর্নামেন্টের শীর্ষ পাঁচ রানসংগ্রাহকের মধ্যে যা সর্বোচ্চ।

পারভেজ এবারই প্রথমবার উইকেটকিপার হিসেবে খেলছেন। এর আগে ২০২৩ সালের বিপিএলে ২ ম্যাচে কিপিং করেছিলেন। নতুন দায়িত্বে যে ভালো করছেন, তা বোঝাতে একটা উদাহরণও দেওয়া যেতে পারে। কালকের ম্যাচে মিডিয়াম পেসার ইথান ব্রুকসের বলে শর্ট কিপিংও করেছেন। শর্ট কিপিং করে ব্রুকসের বলে কাইল মায়ার্সের এজ খুব ভালোভাবেই গ্লাভসবন্দী করেছেন।

নিজের প্রস্তুতি নিয়ে পারভেজ তাই বেশি সন্তুষ্টই। বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে পারভেজ বলেছেন, ‘বিশ্বকাপের আগে বিপিএল হওয়ায় ভালো হয়েছে। এখানে ম্যাচ খেলে নিজের প্রস্তুতি সেরে নিচ্ছি। এখানে যেমন প্রস্তুতি দরকার, সেটা নিতে পারছি। এ কারণে প্রস্তুতির মঞ্চ হিসেবে ১০–এ ১০ দেব। বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য ভালো হবে। টিম ম্যানেজমেন্ট আমাকে যেখানে খেলাবে, সেখানে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

উইকেটকিপিং উপভোগ করছেন বলেও জানিয়েছেন পারভেজ, ‘ভালো লাগছে অনেক দিন পর কিপিং করে। উপভোগ করছি। চেষ্টা থাকবে বিশ্বকাপে ভালো কিছু করার। দেশের হয়ে যেন ভালো কিছু করতে পারি, দোয়া করবেন।’