সেমিফাইনালে উঠলে নিজ দেশে ম্যাচ খেলার সুযোগ পেতে পারে
সেমিফাইনালে উঠলে নিজ দেশে ম্যাচ খেলার সুযোগ পেতে পারে

শ্রীলঙ্কা যেভাবে কলম্বোয় বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে

২০২৬ সালের টি–টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলে শ্রীলঙ্কা ফাইনালে ওঠার এই ম্যাচটি নিজেদের মাটিতেই খেলতে পারবে। তবে বিষয়টি নির্ভর করবে প্রতিপক্ষ ও অন্য কোন দলগুলো শেষ চারে উঠছে তার ওপর।

সেমিফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ যদি ভারত না হয় এবং পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে না পারে, তাহলে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে ওঠার এ ম্যাচটি আয়োজন করা হবে বলে জানিয়েছে আইসিসি। এর মধ্য দিয়ে আগের ঘোষিত সূচি ও টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন আনল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সুপার এইট পর্বের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর সব অংশীদারদের পাঠানো এক বার্তায় আইসিসি সেমিফাইনালের ভেন্যু–সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করেছে এভাবে:

* সেমিফাইনাল–১ ফ্লোটিং (পরিবর্তনশীল) ভেন্যুতে হবে; ম্যাচটি কলম্বো অথবা কলকাতায় আয়োজন করা হতে পারে।

* পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে তারা ৪ মার্চ কলম্বোতে সেমিফাইনাল–১ খেলবে।

* পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে না পারে, কিন্তু শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে এবং তাদের প্রতিপক্ষ ভারত ছাড়া অন্য কোনো দল হয়, তাহলে শ্রীলঙ্কা ৪ মার্চ কলম্বোতে সেমিফাইনাল–১ খেলবে।

পাশাপাশি আইসিসি এটাও স্পষ্ট করেছে, পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই যদি সেমিফাইনালে উঠতে না পারে, তাহলে সেমিফাইনাল–১ হবে কলকাতায় এবং সেমিফাইনাল–২ হবে মুম্বাইয়ে। ভারত সেমিফাইনালে উঠলে মুম্বাইয়ে খেলবে। তবে ভারতের প্রতিপক্ষ যদি পাকিস্তান হয়, সে ক্ষেত্রে ম্যাচটি হবে কলম্বোতে।

শ্রীলঙ্কা ক্রিকেট দল

আর যদি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা—তিন দলই সেমিফাইনালে উঠতে না পারে, তাহলে সুপার এইটে গ্রুপ–১–এ শীর্ষে থাকা দল কলকাতায় সেমিফাইনালে গ্রুপ–২–এ রানার্সআপ দলের মুখোমুখি হবে। আর গ্রুপ–২–এর শীর্ষ দল মুম্বাইয়ে সেমিফাইনাল খেলবে গ্রুপ–১–এর রানার্সআপের বিপক্ষে। শ্রীলঙ্কা ও পাকিস্তান দুই দলই সুপার এইট পর্বে গ্রুপ–২–এ রয়েছে। ফলে নিয়ম অনুযায়ী সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আইসিসির নতুন এই ঘোষণাকে সূচি পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। কারণ, গত নভেম্বরে ঘোষিত সূচিতে বলা হয়েছিল, পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে উঠলে তারা শ্রীলঙ্কায় খেলবে। কিন্তু শ্রীলঙ্কা নকআউটে উঠলে কী হবে, সে বিষয়ে তখন কিছু জানানো হয়নি।

আইসিসির সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘পাকিস্তান সেমিফাইনালে উঠলে কলকাতার পরিবর্তে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম সেমিফাইনাল–১ এর আয়োজক হবে। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনালের ভেন্যুও আহমেদাবাদ থেকে কলম্বোতে সরিয়ে নেওয়া হবে। ভারত ও পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হলে ম্যাচটি হবে কলম্বোতে। আর ভারত যদি পাকিস্তান ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে সেমিফাইনাল খেলে, তাহলে সেমিফাইনাল–২ আয়োজন করবে মুম্বাই।’