
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। ঘরের মাঠে তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য পিএসএলের মাঝপথে ফিরতে হচ্ছে বাংলাদেশের ৫ ক্রিকেটারকে। তাঁরা হলেন—তানজিদ হাসান, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। ১২ এপ্রিল পর্যন্ত তাঁদের এনওসি দেওয়া ছিল। এই ৫ ক্রিকেটারের বাইরে পিএসএলে থাকা পারভেজ হোসেন ওয়ানডেতে সুযোগ পাননি। ২৫ এপ্রিল পর্যন্ত এনওসি আছে তাঁর।
হাবিবুল বাশারের নেতৃত্বাধীন চার সদস্যের নির্বাচক প্যানেল এই প্রথম কোনো সিরিজের দল দিল। তবে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের প্যানেলের দেওয়া পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনেননি তাঁরা।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
কেন এমন সিদ্ধান্ত, এই ব্যাখ্যায় হাবিবুল বলেন, ‘সর্বশেষ সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু খেলোয়াড় (ওই সিরিজেই) নতুন এসেছে।’
পাশাপাশি দলে পরিবর্তন না আনার পেছনে একটা ভাবনার কথাও বলেছেন প্রধান নির্বাচক, ‘আমাদের নীতি হচ্ছে যখন কেউ আসবে, তাঁকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে, তারা খারাপ খেলেনি। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই।’
তিনটি করে ওয়ানডে ও টি–টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ এপ্রিল। ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল। একই মাঠে টি–টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল, ২ মে ঢাকায় হবে তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি।