ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে আজ
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে আজ

‘আকাশে’ কেন দেখা যাচ্ছে না টি–টুয়েন্টি বিশ্বকাপের খেলা

কেব্‌ল অপারেটরদের নেটওয়ার্কে টি–টুয়েন্টি বিশ্বকাপের খেলা দেখাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি–স্পোর্টস ও নাগরিক টিভি। বাংলাদেশের চ্যানেলগুলোর মধ্যে এ দুটি চ্যানেলই শুধু আজ থেকে শুরু বিশ্বকাপের ম্যাচ দেখানোর স্বত্ব কিনেছে। কিন্তু স্যাটেলাইট টেলিভিশন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আকাশ’ ডিজিটাল টিভির পর্দায় দেখা যাচ্ছে না তাদের চ্যানেল। এতে বিশ্বকাপের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছেন ‘আকাশ’–এর গ্রাহকেরা।

কিন্তু ‘আকাশে’ কেন খেলা দেখা যাচ্ছে না, সে ব্যাপারে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট কেউই। যোগাযোগ করা হলে আকাশের একটি সূত্র এ জন্য সরাসরি টি–স্পোর্টস ও নাগরিক টিভিকে দায়ী করেছে। আকাশ ডিজিটাল টিভির সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘টি-স্পোর্টস ও নাগরিক টিভি সম্পূর্ণ বেআইনিভাবে আকাশ ডিজিটাল টিভিতে টি–টুয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার বন্ধ রেখেছে। এতে দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে গিয়ে আকাশের প্রায় ৫০ লাখ দর্শককে অন্যায়ভাবে বিশ্বকাপের খেলা দেখা থেকে বঞ্চিত করা হচ্ছে।’

ওই কর্মকর্তা জানান, আকাশ ডিজিটাল টিভির পক্ষ থেকে বিষয়টি এরই মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জরুরি ও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে টি–স্পোর্টস ও নাগরিক টিভির সংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে একাধিক সূত্রের দাবি, আইসিসির কাছ থেকে বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করার স্বত্ব কেনা টোটাল স্পোর্টস ম্যানেজমেন্টের (টিএসএম) পক্ষ থেকেই নাকি ডিটিএইচ প্ল্যাটফর্মে খেলা না দেখানোর অলিখিত নির্দেশনা আছে চ্যানেল দুটির ওপর।

ভারতে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ–স্কটল্যান্ড

যদিও টিএসএম সেই দায়িত্ব নিচ্ছে না। যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রথম আলোকে বলা হয়, আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট চ্যানেল কোন মাধ্যমে খেলা দেখাতে পারবে অথবা পারবে না, তা নির্দিষ্ট করে দেওয়ার কোনো অধিকার টিএসএমের নেই এবং সে রকম কোনো নির্দেশনাও তারা চ্যানেল দুটিকে দেয়নি।

সঙ্গে অবশ্য তারা এ–ও বলেছে, ডিটিএইচ প্ল্যাটফর্মে খেলা দেখানো যাবে কি না, সে ব্যাপারে আইসিসি থেকেও নাকি পরিষ্কার কিছু বলা নেই।