৪৬*, ৭৭–এর পর আজ ৫৮*। ত্রিদেশীয় সিরিজে নিগার সুলতানার ব্যাটে আবারও দারুণ এক ইনিংসের দেখা মিলল। তাঁর অপরাজিত ৫৮ রানের ইনিংসে আজ ত্রিদেশীয় টি–টুয়েন্টি সিরিজে নিজেদের প্রথম জয়ও পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
এডিনবরায় স্কটল্যান্ডকে বাংলাদেশ নারী দল হারিয়েছে ৩৪ রানে। টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তুলেছিল ১৫২ রান। রান তাড়ায় স্কটল্যান্ড ১১৮ রানেই গুটিয়ে যায়।
আজও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৩ রানের মধ্যেই ফিরে যান দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস ও তাজ নেহার। এরপর সোবহানা মোস্তারির সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন নিগার। ৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন সোবহানা। নিগার ৫৮ রান করেন ৪৭ বলে। শেষ দিকে স্বর্ণা করেন ২০ রান।
ব্যাট হাতে ভালো শুরু না পেলেও বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। ১ রান তুলতেই স্কটল্যান্ডের ২ উইকেট তুলে নেয় তারা। ডার্সি কার্টারকে আউট করেন সানজিদা আক্তার, ক্যাথরিন ফ্রেসারকে মারুফা। টুর্নামেন্টের আগের দেখায় বাংলাদেশের বিপক্ষে ফিফটি করা অধিনায়ক ক্যাথরিন ব্রাইস আউট হন ২১ রানে।
সারাহ ব্রাইস করেন ৪০ রান। এরপর আর কোনো ব্যাটারই রান পাননি। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন রিতুমনি। দুটি করে উইকেট মারুফা ও সানজিদার।
টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দুইয়ে।
অর্থাৎ শিরোপার লড়াইয়ে বাংলাদেশ এখনো টিকে আছে। তবে ভাগ্য নিজেদের হাতে নেই। ৩ ম্যাচে ২ জয় পাওয়া স্কটল্যান্ড কাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে, এই ম্যাচে জিতলে শিরোপা জিতে যাবে তারাই।