শেষ ওভারে জাদেজাকে আউট করেছেন আশিতা ফার্নান্ডো
শেষ ওভারে জাদেজাকে আউট করেছেন আশিতা ফার্নান্ডো

দিনের শেষে শ্রীলঙ্কার হাসি, পাড়িক্কালের আরেকটি সেঞ্চুরি

দিনের শেষটা ভালো হলো না ভারতের। উইকেট হারাল দিনের শেষ ওভারে। তাও ৪৩ রানে ব্যাটিং করতে থাকা রবীন্দ্র জাদেজার। কলম্বোতে পেসার আশিতা ফার্নান্ডোর বলে দিনের শেষ ওভারের প্রথম বলে বোল্ড হয়েছেন জাদেজা। তবে দিনটা ভারতেরই ছিল।

গলে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা ভারতীয়রা কলম্বো টেস্টের প্রথম দিনটা শেষ করেছে ৫ উইকেটে ৩০০ রান নিয়ে। উইকেটে আছেন অভিষিক্ত সারাংশ জৈন (৪) ও ধ্রুব জুরেল (৭)।

জাদেজাকে হারানোর আট ওভার আগে ফিরেছেন ভারত ইনিংসের সর্বোচ্চ স্কোরার দেবদূত পাড়িক্কাল। প্রথম টেস্টের মতো আজও সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান। চার টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া পাড়িক্কাল আজ করেছেন ১১৭ রান। তাঁর ১৯৩ বলের ইনিংসটি সাজানো ১২টি চারে।

টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেয়েছেন ভারতের দেবদূত পাড়িক্কাল

পাড়িক্কাল ছাড়া ভারত ইনিংসে ফিফটি পেয়েছেন শুধু শুবমান গিল। ভারত অধিনায়ক ফিরেছেন ঠিক ৫০ রান করে। ৬৬ রানে ভারত ২ উইকেট খোয়ানোর পর পাড়িক্কালকে নিয়ে তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন অধিনায়ক।

গিল ফেরার কিছু সময় পরে বলের আঘাতে হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ঋষভ পন্ত (৩*)। লঙ্কান পেসার লাহিরু কুমারার বল আঘাত করে পন্তের বাঁ বাহুতে।

এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া ভারতের উদ্বোধনী জুটি ভাঙে ৩৭ রানে। লাহিরু কুমারা উইকেটকিপারের ক্যাচ বানিয়েছেন লোকেশ রাহুলকে (১৮)। আরেক ওপেনার যশস্বী জয়সোয়াল ফিরেছেন আশিতার বলে বোল্ড হয়ে। তাঁর ব্যাটের কানায় লেগে বল আঘাত করে উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩০০/৫ (পাড়িক্কাল ১১৭, গিল ৫০, জয়সোয়াল ৪৫, জাদেজা ৪৩; আশিতা ৩/৪৬)। (১ম দিন শেষে)