সুপার এইটে প্রথম ম্যাচে হারের পর চাপটা নিশ্চয়ই টের পাচ্ছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব
সুপার এইটে প্রথম ম্যাচে হারের পর চাপটা নিশ্চয়ই টের পাচ্ছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব

টি–টুয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনালে উঠতে ভারতকে প্রার্থনার সঙ্গে যা করতে হবে

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ‘গ্রুপ ১’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরে সেমিফাইনালে ওঠার পথটা কঠিন করে ফেলেছিল সূর্যকুমার যাদবের দল। গতকাল একই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জিম্বাবুয়েকে হারানোয় ভারতের সেমিফাইনালে ওঠার পথটা আরও কঠিন হয়েছে।

১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ১–এর শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ (৫.৩৫০)। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা (৩.৮০০)। তৃতীয় ভারত (-৩.৮০০) ১ ম্যাচ খেলে পয়েন্ট পায়নি। ১ ম্যাচ খেলে পয়েন্ট না পাওয়া জিম্বাবুয়ে (-৫.৩৫০) চতুর্থ।

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেটে পরিপুষ্ট হওয়া পয়েন্ট তালিকায় তাকালেই টের পাওয়া যায়। জানিয়ে রাখা ভালো, সুপার এইটে দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। আর প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। অর্থাৎ গ্রুপ ১ থেকে ভারতের হাতে আছে আর দুই ম্যাচ। সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে এ দুটি ম্যাচ ভারতকে জিততেই হবে। তবে এখন শুধু নিজেদের ম্যাচগুলো জিতলেই হবে না, ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলেও।
ভারত যেভাবে সেমিফাইনালে উঠতে পারে:

আগামী বৃহস্পতিবার আহমেদাবাদে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। একই দিন সন্ধ্যার ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারায় এবং জিম্বাবুয়ের কাছে ভারত যদি হেরে যায় তাহলে সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে পড়বে সূর্যকুমার যাদবের দল।

কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং ভারত যদি জিম্বাবুয়ের কাছে হেরে যায় তাহলে দক্ষিণ আফ্রিকা ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে এবং ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সংগ্রহ হবে ২ ম্যাচে সমান ২ পয়েন্ট। তখন সেমিফাইনালে ওঠার আশা থাকবে ভারতের। সে জন্য তাদের প্রার্থনা করতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে জিম্বাবুয়ে যেন হেরে যায় এবং তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটি বড় ব্যবধানে জিততে হবে ভারতকে।

তেমন কিছু ঘটলে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়াবে সমান ২ পয়েন্ট করে। এর মধ্যে যে দলের রান রেট শ্রেয়তর থাকবে, তারা গ্রুপের দ্বিতীয় দল হিসেবে উঠবে সেমিফাইনালে। অর্থাৎ বড় ব্যবধানে জয়ের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে ভারত অধিনায়ক সূর্যকুমারকে।

ভারত তাদের শেষ দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে ওঠার নিশ্চয়তা নেই। সে ক্ষেত্রে দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে ভারতকে এবং তার পাশাপাশি সূর্যকুমারদের প্রার্থনা করতে হবে দক্ষিণ আফ্রিকা যেন তাদের শেষ দুই ম্যাচে জেতে। তখন সেমিফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা ও ভারত।

অন্য সমীকরণও আছে। ধরে নেওয়া যাক ভারত তাদের শেষ দুই ম্যাচেই জিতল। কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদের শেষ দুই ম্যাচের মধ্যে জিতল একটি ম্যাচ। তখন তিনটি দলের সমান ৪ পয়েন্ট হতে পারে। সে ক্ষেত্রে রান রেটের ভিত্তিতে ঠিক হবে এই গ্রুপ থেকে সেমিফাইনালের দুই দল।

ভারত তাদের শেষ দুই ম্যাচ জিতলে এবং দক্ষিণ আফ্রিকা তাদের শেষ দুই ম্যাচে হারলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ উঠবে সেমিফাইনালে। অর্থাৎ ভারতকে শুধু তাদের বাকি ম্যাচগুলো জিতলেই হবে না নিজেদের সুবিধা অনুযায়ী অন্য দলের হার-জিতের প্রার্থনাও করতে হবে।