অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শক।
এর মধ্যে ইস্টার্ন গ্যালারিতে ২০০ টাকায় ও নর্দান গ্যালারিতে ৪০০ টাকার টিকিটে খেলা দেখা যাবে। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটও। আর ক্লাব হাউসে (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডে) বসে খেলা দেখতে খরচ করতে হবে ৬০০ টাকা।
এ ছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ২ হাজার ৫০০ টাকায়। এবারও বুথে টিকিট বিক্রি হবে না। কিনতে হবে www.gobcbticket.com.bd ঠিকানা থেকে।
আগামীকাল তিনটি করে ওয়ানডে ও টি–টুয়েন্টি খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৯, ১১ ও ১৪ জুন হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচই শুরু হবে বেলা ১১টায়।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ। ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো শুরু হবে বেলা দুইটায়।