প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ
প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ

হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশের তৃতীয়, টেস্টে ৫০তম

আম্পায়ার আঙুল তুললেন না। বাংলাদেশের এগারো ফিল্ডারই এলবিডব্লু চেয়ে জোরেশোরে আওয়াজ তুলেছিলেন। কিন্তু আম্পায়ারের হয়তো মনে হয়েছে বল স্টাম্প মিস করে যাবে।

সন্দেহটা হয়েছিল বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও। তাই তো রিভিউ চাওয়া হবে কি না সিদ্ধান্ত নিতে আলোচনাও চলল নিজেদের মধ্যে। শেষ পর্যন্ত ৬ সেকেন্ড বাকি থাকতে রিভিউ নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

এরপরই জানা গেল, বল স্টাম্পে ঠিক ততটাই আঘাত করত, যতটা আউটের জন্য যথেষ্ট। রিভিউ সফল। হাসান মাহমুদ পেয়ে গেলেন জিয়াউর রহমানের উইকেট, হয়ে গেল হ্যাটট্রিকও। বাংলাদেশি পেসারদের মধ্যে প্রথম।

আবুধাবিতে আজ শুধু হ্যাটট্রিকই নয়, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান। ৪ উইকেটে ২১১ রান দিন শুরু করা আফগানরা মাত্র ২৯ রানে হারিয়েছে শেষ ৬ উইকেট। বাংলাদেশ প্রথম ইনিংসে নিয়েছে ১০৬ রানের লিড।

২০০০ সালে টেস্ট দুনিয়ায় পা রাখা বাংলাদেশ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলছে নিজেদের ১৬২তম টেস্ট। আগের ১৬১টিতে বাংলাদেশ হ্যাটট্রিক দেখেছে দুটি। প্রথমটি ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে অলক কাপালির। দ্বিতীয়টি দশ বছর পর চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সোহাগ গাজীর। একজন ছিলেন লেগ স্পিনার, অন্যজন অফ স্পিনার। পেসাররা ছিলেন অপেক্ষায় দুনিয়ায়।

অবশেষে আজ সেই অপেক্ষার অবসান হাসানের হাতে। আবুধাবি টেস্টে আফগানিস্তানের প্রথম ইনিংসের ৬, ৭ ও ৮ নম্বর উইকেট নিয়েছেন টানা তিন বলে।

টেস্টে বাংলাদেশের যত হ্যাটট্রিক

৮৩তম ওভারের তৃতীয় বলে শুরু এই সাফল্যের। হাসানের ব্যাক অব আ লেংথের বলটি নিচু হয়ে ঢুকে যায় ভেতরে। ব্যাটসম্যান ইসমত আলম ব্যাট নামানোর আগেই বল স্টাম্পে, হন বোল্ড। পরের উইকেটটিতে অবশ্য লিটন দাসকেও কৃতিত্ব দিতে হবে। নতুন ব্যাটসম্যান কায়েসের ব্যাটের কানায় লেগে বল চলে যাচ্ছিল স্লিপের দিকে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন লিটন। এরপর তৃতীয় ব্যাটসম্যান জিয়াউর, যিনি ফেরেন এলবিডব্লু।

হাসানের এই হ্যাটট্রিকের বিশেষত্ব হচ্ছে, তিনটি তিন ধরনের উইকেট। দ্বিতীয়টিতে উইকেটকিপারের সহায়তা লেগেছে, বাকি দুটিতে শুধুই তাঁর নাম।

দেড় শ বছরের টেস্ট ইতিহাসে হাসানের হ্যাটট্রিকটি ৫০তম। তবে ২০২৬ সালে এটিই প্রথম। ৪৯তম হ্যাটট্রিকটি ছিল ২০২৫ সালের ১৪ জুলাই কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কট বোল্যান্ডের।