তাসকিন–তোপের পর ঘুরে দাঁড়ানোর আশায় জিম্বাবুয়ে

পরপর দুই ওভারে দশের বেশি

৬ ওভারের দুর্দান্ত একটা স্পেল শেষ করলেন তাসকিন।

এখন দুই পাশ থেকে এসেছেন দুই বাঁহাতি পেসার মোস্তাফিজ ও শরীফুল। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরাও বোধ হয় একটু স্বস্তিই পেয়েছেন তাতে!

মোস্তাফিজের ১২তম ওভারে ১০ রান এসেছিল, শরীফুলের পরের ওভারে এসেছে ১২ রান। দুটি ওভারেই দুটি করে বাউন্ডারিও পেয়েছে জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশ দেখছে তারা।

জিম্বাবুয়ে: ১৩ ওভারে ৫৭/৩

পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ১০ ওভারের খেলা শেষ হয়েছে। ৩ উইকেট হারানো জিম্বাবুয়ে করেছে ৩০ রান।

পাওয়ার প্লেজুড়েই তাসকিন আহমেদের তোপের মুখে ছিল জিম্বাবুয়ে, দলটির তিন উইকেটই পেয়েছেন এই পেসার। শরীফুল ৪ ও মোস্তাফিজ ১ ওভার করলেও এখনও উইকেটের দেখা পাননি।

তৃতীয় উইকেট তাসকিনের

তৃতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে, তিন উইকেটই নিয়েছেন তাসকিন আহমেদ। এবার তাঁর বলে ক্যাচ তুলে দিয়েছেন তাফাদজা সিগা। শর্ট বলে পুল করতে গেলে টাইমিংটা ঠিকঠাক হয়নি, লম্বা সময় বল শূন্যে ভেসে থাকার পর তা গেছে উইকেটকিপার নুরুলের হাতে। ৪ ওভারে ১৩ রান দিয়ে তাসকিনের উইকেট ৩টি!

জিম্বাবুয়ে: ৭ ওভারে ২৪/৩

আবারও তাসকিন!

জিম্বাবুয়ে: ৪.১ ওভারে ১৭/২।

আরও একটি উইকেট, আবারও বোলার তাসকিন। আউটের ধরনও একই—এলবিডব্লু। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের প্রথম বলে এলবিডব্লুর শিকার হয়েছেন বেন কারেন।

মজার বিষয়, প্রথম উইকেটের মতো এটিতেও রিভিউ নিয়েছে জিম্বাবুয়ে। তবে কাজ হয়নি, প্রথমবারের মতো এবার আম্পায়ার্স কলেরও দরকার হয়নি। পরিষ্কার এলবিডব্লু। ১১ বল খেলে ৬ রান করেছেন কারেন।

নতুন ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। তাঁর সঙ্গে তাপাদজাওয়া সিগা।

প্রথম ওভারেই উইকেট!

জিম্বাবুয়ে: ১ ওভারে ০/১।

প্রথম ওভারেই উইকেট পেয়ে গেল বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ বলে উইকেট এনে দিয়েছেন তাসকিন। তাঁর বলে এলবিডব্লু হয়েছেন ব্রায়ান বেনেট। জিম্বাবুয়ের ব্যাটসম্যান রিভিউ নিয়েছিলেন, কিন্তু আম্পায়ার্স কলে তাঁকে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। এখনও কোনো রান তুলতে পারেনি জিম্বাবুয়ে।

আরও বড় দুঃসংবাদ!

এই ম্যাচে তো নেই–ই, পুরো ত্রিদেশীয় সিরিজেই পাওয়া যাবে না লিটন দাসকে। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তেমনই জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম।

গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেছিল সে, তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না।
বায়েজীদুল ইসলাম, ফিজিও

জাতীয় সংগীতে লিটন

চোটের কারণে শেষ মুহূর্তে বাদ পড়ে যাওয়া লিটন দাসকে দেখা গেল জাতীয় সংগীতের সময়। বাকি ক্রিকেটারদের চেয়ে কিছুটা ব্যতিক্রমই ছিলেন যদিও— কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে তিনি দাঁড়িয়েছিলেন ডাগআউটে। একাদশে না থাকা আলিস–তানভীরদের দেখা গেছে মাঠে।

টস

টসেই চমক! লিটন দাস নন, তাওহিদ হৃদয়।

পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে লিটনের শুরুটা হওয়ার কথা ছিল আজ। কিন্তু টস করতে আসা হৃদয় জানালেন, শেষ মুহূর্তে চোটে পড়ে যাওয়ায় লিটন খেলছেন না। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও নেই এই ম্যাচে। হৃদয় ভারপ্রাপ্ত অধিনায়ক।

টসে জিতেছে জিম্বাবুয়ে, আগে ব্যাটিং করার কথা জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।

টসে নেমেছেন তাওহিদ হৃদয়

স্মৃতি ফেরানোর আশা

খেলা শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায়, টস হবে আধা ঘণ্টা আগে। তার আগে পড়ে নিতে পারেন বাংলাদেশ–জিম্বাবুয়ে ম্যাচের প্রিভিউ: ২০১৯ সালের সেই স্মৃতি ফেরানোর আশা বাংলাদেশের

স্বাগত...

বাংলাদেশ ওয়ানডে খেলে প্রায়ই। কখনো দ্বিপক্ষীয় সিরিজে, কখনো মহাদেশীয় বা বৈশ্বিক টুর্নামেন্টে। আজ আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচটি খেলতে নামছে বাংলাদেশ, সেটি ত্রিদেশীয় সিরিজের। ২০১৯ সালের মে মাসের পর এই প্রথম ত্রিদেশীয় সিরিজে খেলছে বাংলাদেশ। সিরিজের অপর দল আফগানিস্তান।

বাংলাদেশ–জিম্বুাবুয়ে ম্যাচের লাইভ ব্লগে আপনাদের স্বাগত। ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান জানতে থাকুন প্রথম আলোর সঙ্গে।