
টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। হতাশাজনক এই পারফরম্যান্সের কারণে পাকিস্তান দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এ সিদ্ধান্তকে ‘সংকীর্ণ মানসিকতা’ বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
পাকিস্তানের ‘সামা টিভি’কে আফ্রিদি বলেন, ‘সিদ্ধান্তটি বুঝতে পারিনি। সংকীর্ণ মানসিকতা এটি। ৫০ লাখ রুপি দিয়ে কী করবে! আমার মতে, এটা কোনো জরিমানাই নয়।’
আফ্রিদি মনে করেন, আর্থিক জরিমানার চেয়ে খেলোয়াড়দের দক্ষতার উন্নয়ন করা জরুরি, ‘যারা পারফরম্যান্স করতে পারেনি, তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরত পাঠানো হোক।’ খেলোয়াড়দের শাস্তির বিষয়ে আফ্রিদির মন্তব্য, ‘কিছু খেলোয়াড় আছে যাদের আমার মতে অন্তত দুই বছর জাতীয় দলের বাইরে রাখা উচিত।’
পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী আফ্রিদি সেবারের টুর্নামেন্টে ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন। ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টুয়েন্টি খেলা ৪৯ বছর বয়সী আফ্রিদি মনে করেন, খেলোয়াড়দের মানসিকতা পাল্টাতে হবে, ‘যাদের বিশ্রাম দিতে হবে দেওয়া হোক। খেলোয়াড়দের (মানসিকতায়) ভেতরে পরিবর্তন আনতে হবে। এই শাস্তি পর্যাপ্ত নয়।’
গুঞ্জন চলছে, টি-টুয়েন্টি বিশ্বকাপে দল ভালো করতে না পারায় পাকিস্তানের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে সালমান আগাকে। তাঁর জায়গায় অধিনায়ক করা হতে পারে লেগ স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খানকে। আফ্রিদি নিজেও এর আগে এমন সম্ভাবনার কথা বলেছিলেন।
কিন্তু এখন আফ্রিদির মতামত ভিন্ন, ‘তার (শাদাব) পারফরম্যান্স দেখে বলতে পারি, অধিনায়কত্ব দূরের ব্যাপার, আমি তাকেই দলেই রাখতাম না। প্রধান কোচ শাদাবকে সুযোগের পর সুযোগ দিচ্ছেন। এ কারণে বলেছিলাম, পাকিস্তানের অধিনায়ক হতে পারে শাদাব। কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্সে তাকিয়ে বলতে পারি, সে একাদশে জায়গা পাওয়ার যোগ্য নয়।’
এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে ৬ ইনিংসে বোলিং করে ১৫২ রানে ৫ উইকেট নেন শাদাব। ১৮ ওভার বোলিং করে তাঁর গড় ৩০.৪০। আর পাকিস্তান গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে মোট ৬ ম্যাচ খেলেছে। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও হেরে যায় ভারতের কাছে।
সুপার এইটে নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে যায় দলটি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ব্যবধান বড় রাখতে না পারায় সেমিফাইনালের আগেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হয় সালমান আগার দলকে।