নাহিদ রানা পেয়েছিলেন আগের ম্যাচেই, আজ তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমানও। প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর বাংলাদেশ যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা জিতল, তাতে তো বড় কৃতিত্বের দাবিদার তাঁরাই। গতকাল সিরিজ শেষে মেহেদী হাসান মিরাজের সংবাদ সম্মেলনেও তাই বারবার ঘুরেফিরে এলেন পেসাররা।
গত কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিং বিভাগের উন্নতি ছিল চোখে পড়ার মতো। কাকে রেখে কাকে খেলাব, বাংলাদেশ এখন পড়ে যায় এমন সংকটে। মোস্তাফিজুর রহমানই যেমন প্রথম ম্যাচে হাঁটুর অস্বস্তিতে বাইরে থাকার পর দ্বিতীয় ম্যাচেও ছিলেন বিশ্রামে।
অধিনায়ক হিসেবে তা অবশ্য উপভোগই করেন মিরাজ। তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গত তিন-চার বছর ধরেই পেস বোলিং বিভাগটা অনেক ভালো করছে। আমরা অনেক ম্যাচ জিতেছি তাদের কারণে। আমার কাছে মনে হয় কোনো দলের যদি পেস বিভাগটা ভালো থাকে, দলের ছন্দ বদলে যায়।’
আমি একটু আগে মিরাজের সঙ্গে কথা বলছিলাম, ও জানাল নাহিদের বয়স নাকি মাত্র ২৩! তুলনামূলক মন্থর উইকেটেও সে ১৪৫, ১৫০ কিলোমিটার গতিতে বল করছে, তাঁর স্কিল আর এক্স ফ্যাক্টর হওয়ার প্রমাণ এখানেই পাওয়া যায়।টম ল্যাথাম, অধিনায়ক, নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটাও বাংলাদেশের জন্য সহজ করে দিয়েছেন পেসাররাই। তবে তাঁদের মধ্যেও আলাদা করে নজর কেড়েছেন নাহিদ রানা। নিয়মিত ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল তো করেছেনই, নাহিদ কখনো কখনো ঘণ্টায় পেরিয়ে গেছেন ১৫০ কিলোমিটারও।
তাতে যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা অস্বস্তিতে পড়েছেন, তা স্বীকার করতে কোনো দ্বিধা নেই দলটির অধিনায়ক টম ল্যাথামেরও। বাংলাদেশে যে একজন তারকা তৈরি হচ্ছেন, তা জানিয়ে কিউই অধিনায়ক বলেছেন, ‘আমি একটু আগে মিরাজের সঙ্গে কথা বলছিলাম, ও জানাল নাহিদের বয়স নাকি মাত্র ২৩! তুলনামূলক মন্থর উইকেটেও সে ১৪৫, ১৫০ কিলোমিটার গতিতে বল করছে, তাঁর স্কিল আর এক্স ফ্যাক্টর হওয়ার প্রমাণ এখানেই পাওয়া যায়।’
তাঁর মিনিট কয়েক পর সংবাদ সম্মেলনে এসে একই সুর মিরাজের কথাতেও। মিরাজ বলছেন, ‘ও প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে, এটা একটা বিরাট অর্জন। সবচেয়ে বড় কথা, ও মাঠের ভেতরে অনেক আত্মবিশ্বাসী। যখনই আমি ওকে বোলিংয়ের কথা বলি, ও বলে, “ভাই আমি অনেক আত্মবিশ্বাসী, ভালো বোলিং করতে পারব।”’
শুধু তো আর নাহিদ একা নন, বাংলাদেশের জন্য পুরো পেস বোলিং বিভাগটাই এখন বড় স্বস্তির। চোটে পড়া মোস্তাফিজ খেলেননি সিরিজের প্রথম দুটি ম্যাচে। ফিরেই কি না তিনি পেয়েছেন ৫ উইকেট। মোস্তাফিজের জন্য তা সাত বছর পর আর চট্টগ্রামে এই প্রথম ওয়ানডেতে কোনো পেসারের ৫ উইকেট!
প্রায় ১০ বছর তাঁর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মিরাজ। এক বছর ধরে তাঁকে অধিনায়ক হিসেবে কেমন দেখছেন? মিরাজের উত্তর, ‘মোস্তাফিজের এত অর্জন, আমার মনে হয় বাংলাদেশের কেউই ভুলতে পারবে না। এ রকম একটা খেলোয়াড় থাকলে দলের অনেক সাহায্য হয়। বিশেষত সংকটের সময়গুলোতে ও অনেক আত্মবিশ্বাস দেয়।’