বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টুয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা। জাপান থেকে খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে জানান এই উইকেটকিপার-ব্যাটার।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৩২টি টি-টুয়েন্টির মধ্যে ৮০ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন নিগার সুলতানা। ২০২২ সাল থেকে সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলকে পথ দেখিয়ে আসছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ, যা টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়।
তবে সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছিল না অধিনায়ক নিগারের। সর্বশেষ এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। পুরো টুর্নামেন্টে রানখরায় ভুগেছেন অধিনায়ক নিজেও; ৪ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৫৬ রান।
দুবাইয়ে এশিয়া কাপের পর্ব চুকিয়ে দলের সঙ্গে এখন জাপানের আইচি নাগোয়ায় অবস্থান করছেন নিগার, লক্ষ্য এশিয়ান গেমস। দূরপ্রবাসে বসেই বিসিবিকে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে বিসিবি নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম শুরুতে বিষয়টি জানা নেই বলে জানান। অবশ্য কিছুক্ষণ পর আবার নিশ্চিত করেন নিগারের পাঠানো বার্তা পাওয়ার কথা। ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দিতেই যে সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব ছাড়ার এই সিদ্ধান্ত, চিঠিতে তা উল্লেখ করেছেন নিগার।
তবে এখনই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা বা না করার কোনো সিদ্ধান্ত বিসিবি নেয়নি। রফিকুল ইসলাম জানিয়েছেন, ‘এশিয়ান গেমস পর্যন্ত সে দায়িত্বে থাকবে। ওয়ানডেতেও থাকবে। তারা আগে এশিয়ান গেমস খেলে এলে এরপর আমরা এটা নিয়ে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’