
দুজনেই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাট হাতে দুজনের লড়াইটা অনেক পুরোনো। কখনো স্টিভ স্মিথ ম্যাচ জেতাচ্ছেন, কখনো জো রুট। সেই লড়াই এবার ছড়িয়ে পড়েছে অন্য এক জায়গাতেও। ব্যাট নয়, এবার হাতের কারসাজি। কে বেশি ক্যাচ ধরবেন, তা নিয়েই যেন শুরু হয়েছে নতুন এক ‘ইঁদুর–বিড়াল’ খেলা!
গত মাসেই অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন ইংল্যান্ডের জো রুট। এক মাস না যেতেই সেই রেকর্ড আবার স্মিথের দখলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে দুর্দান্ত দুটি ক্যাচ ধরে রুটকে ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার সহ–অধিনায়ক।
টেস্ট ক্রিকেটে স্মিথের ক্যাচ এখন ২২১টি, রুটের ২২০টি। অর্থাৎ, দুজনের ব্যবধান মাত্র একটি ক্যাচ। রুট পরেরবার মাঠে নামলে রেকর্ডের মালিকানা যে আবারও বদলে যেতে পারে, তা বলাই বাহুল্য।
গত মাসে হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রেকর্ডটি গড়েছিলেন রুট। জফরা আর্চারের বলে পাকিস্তানের ওপেনার আজান আওয়াইসের ক্যাচ ধরে পৌঁছে যান ২১৯ ক্যাচে। পেছনে পড়ে যায় স্মিথের ২১৮ ক্যাচের রেকর্ড। পরে নিজের ক্যাচসংখ্যা ২২০–এ নিয়ে যান ইংল্যান্ড অধিনায়ক।
কিন্তু রেকর্ডটা যে স্মিথের কাছেও খুব প্রিয়!
আজ রোববার ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে সেই রেকর্ড আবার নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। তা–ও এমন দুটি ক্যাচ ধরে, যা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।
দক্ষিণ আফ্রিকা দিনের শুরুটা করেছিল ভালোভাবেই। আগের দিনের স্কোরের সঙ্গে ৫৯ রান যোগ করার পর প্রথম আঘাত হানেন মিচেল স্টার্ক। তাঁর বলে প্রথম স্লিপে ম্যাট রেনশর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৭ রান করা এইডেন মার্করাম। এরপরই আসে স্মিথের পালা।
প্রথমে তাঁর শিকার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। নাথান লায়নের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন বাভুমা। কিন্তু স্লিপে দাঁড়িয়ে থাকা স্মিথ যেন আগেই বুঝে ফেলেছিলেন ব্যাটসম্যানের পরিকল্পনা। ক্ষিপ্রগতিতে সরে গিয়ে বাভুমার ব্যাটে লেগে আসা বলটি তালুবন্দী করেন। ২৭ বলে মাত্র ৩ রান করে ফিরতে হয় বাভুমাকে। ইনিংসে প্রথম উইকেট পান লায়ন।
স্মিথের পরের শিকার ডেভিড বেডিংহাম। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপের দিকে বল পাঠিয়েছিলেন ৪৯ রান করা বেডিংহাম। প্রথম স্লিপে রেনশ ক্যাচ ধরার অপেক্ষায় ছিলেন। কিন্তু তাঁর সামনে ঝাঁপিয়ে পড়ে বলটি মুঠোয় পুরে নেন স্মিথ। দুর্দান্ত সেই ক্যাচেই ইতিহাস।
টেস্ট ক্রিকেটে উইকেটকিপার ছাড়া ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ২২১ ক্যাচের নতুন রেকর্ড গড়েন স্মিথ। এ জন্য স্মিথের লেগেছে ১২৬ টেস্ট ও ২৪০টি ফিল্ডিং ইনিংস। অন্যদিকে রুট ১৬৯ টেস্টের ৩২৩টি ফিল্ডিং ইনিংসে ধরেছেন ২২০ ক্যাচ।
এ তালিকায় তৃতীয় স্থানে ভারতের রাহুল দ্রাবিড়। ২১০ ক্যাচ ধরেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। এরপর শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (২০৫), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২০০) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৯৬)।
তালিকার অন্য কিংবদন্তিদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে অনেক আগেই। কিন্তু স্মিথ ও রুট—দুজনই এখনো খেলছেন। ফলে একজন রেকর্ড গড়লে অন্যজনের সামনে সেটি ভাঙার সুযোগ থাকছেই।