তাওহিদ হৃদয় যখন ব্যাটিংয়ে নামেন, ইনিংসের তখন ১৫.৩ ওভার। ২ উইকেটেই জাফনা কিংস তুলে ফেলেছে ১৭৩ রান। হৃদয়ের কাজ ছিল তাই চালিয়ে খেলে রানের পরিমাণটা যতটা সম্ভব বাড়ানো।
লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান খেলেছেনও পরিস্থিতির দাবি মিটিয়েই। মাঠ ছাড়ার আগে ২১ বল খেলার সুযোগ পেয়েছেন। চার মেরেছেন ৩টি, ছক্কা ৫টি। নামের পাশে রান ৫৪। হৃদয়ের শেষের এই ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে গল গ্যালান্টসের বিপক্ষে ২০ ওভারে ২৪২ রান করেছে জাফনা। পরে গল গ্যালান্টসকে ২২৮ রানে আটকে দিয়ে ১৪ রানের জয়ে এলপিএলের ফাইনালে উঠেছে হৃদয়ের দল।
এই ম্যাচে জাফনার হয়ে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। ব্যাটিংয়ে নামতে পারেননি, পরে বল হাতে নিয়েছেন এক উইকেট।
আজ কলম্বোয় টসে হেরে ব্যাট করতে নেমে কামিল মিশরার ব্যাটে দুর্দান্ত শুরু পায় জাফনা। মাঝে অভিস্কা ফার্নান্দো ১৪ বলে ১৯ ও খাজা নাফে ৩২ বলে ৫৪ রান করে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই ওপেনার।
৫৫ বলে ১০ চার ও ৭ ছক্কায় ৫৫ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন কামিল। চতুর্থ উইকেটে হৃদয়ের সঙ্গে তাঁর ২৮ বলের জুটিতে ওঠে ৭১ রান।
জাফনার দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে গলের ব্যাটসম্যানদের কয়েকজন ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ২১ বলে সর্বোচ্চ ৪৪ রান আসে স্যাম হার্পারের ব্যাট থেকে। পুরো ২০ ওভার ব্যাট করে ২৩০ রানে থামে গল। ৩ ওভার বল করে ৩৬ রান দিয়ে এক উইকেট নেন সাকিব।
আগামী ৮ আগস্ট এলপিএলের ফাইনাল। জাফনার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।