জিম্বাবুয়ের বিপক্ষ একমাত্র টেস্ট ম্যাচ খেলতে এর মধ্যেই দুই ভাগে হারারে পৌঁছে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টেস্ট শুরু হবে ২৮ জুন। জিম্বাবুয়ের বিপক্ষে এরপর তিন ওয়ানডে ও তিন টি–টুয়েন্টির সিরিজও খেলবে বাংলাদেশ দল।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–১ ব্যবধানে সর্বশেষ ওয়ানডে সিরিজ জেতা দল থেকে একটিই পরিবর্তন আনা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের দলে।
মাথায় আঘাত পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি খেলতে পারেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওই ম্যাচের দলে ঢুকে একাদশেও সুযোগ পেয়েছিলেন অফ স্পিনার মেহেদী হাসান। তিন বছর পর ওয়ানডেতে ফিরে ব্যাট হাতে ৯ বলে ৩ রান ও বল হাতে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন মেহেদী। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়নি।
সে ম্যাচেই পায়ের মাংসপেশির চোটে পড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজে খেলা হয়নি লিটন দাসের। চোট কাটিয়ে না ওঠায় তিনি নেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও। তবে লিটনের জন্য সুখবর—জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।
হারারে স্পোর্টস ক্লাবে মাঠে ৬ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। একই মাঠে ৯ ও ১১ জুলাই পরের দুটি ম্যাচ। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।
১৫, ১৭ ও ১৯ জুলাই হবে টি–টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টি–টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।