
৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তবে পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠাবে কি না, এ নিয়ে অনেক তর্কবিতর্ক, বৈঠক, আলোচনা হয়েছে গত কয়েক মাসে।
শেষ পর্যন্ত বাবর আজম–শাহিন আফ্রিদিদের ভারত–বিশ্বকাপে অংশ নিতে সবুজসংকেত দিয়েছে পাকিস্তান সরকার। গত রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। সঙ্গে এটাও জানিয়েছে, ভারতের মাটিতে পাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েই গেছে তাদের। নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে আইসিসির সহযোগিতাও চেয়েছে দেশটি।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে পাকিস্তান দলের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা তারা করবে না। অন্য দলগুলোকে যেভাবে ‘খাতিরদারি’ করা হবে, বাবরদের জন্যও তা–ই। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ‘বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে অন্য দলগুলোর মতোই খাতির করা হবে।’
বাবরদের জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিশ্ছিদ্র নিরাপত্তা চাওয়া নিয়ে অরিন্দম বাগচী বলেছেন, ‘এটা নিরাপত্তা সংস্থা কিংবা আয়োজকেরা নিশ্চিত করবে। আমরা অবশ্যই চাইব, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। তবে সেটা শুধু পাকিস্তানের জন্য নয়; বাকি সব দলের জন্যও।’
পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর দেশটির সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, ‘ইসলামাবাদ খেলার সঙ্গে রাজনীতি মেশায় না। আমরা ভারতকে ভারতের মাটিতে হারাতে চাই। সে কারণেই সেখানে দল পাঠাচ্ছি।’ বিলওয়ালের সেই মন্তব্যেরও জবাব দিয়েছেন অরিন্দম বাগচী, ‘একে যুদ্ধ হিসেবে দেখা হলেও আসলে তা নয়। আশা করি, দারুণ একটি ম্যাচ হবে।’
আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই ১৫ অক্টোবর হওয়ার কথা থাকলেও ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’র কারণে এক দিন এগিয়ে আনা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের কারণে ভারত–পাকিস্তানসহ বিশ্বকাপে মোট ৯ ম্যাচের সূচিতে বদল এনেছে আইসিসি।