জিম্বাবুয়ে অলআউট হয়ে গেছে ১৪১ রানে। ১০ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন নাহিদ রানা। এটিই বাংলাদেশের বোলারদের ওয়ানডেতে সেরা বোলিং। এতদিন রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের— ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট পেয়েছিলেন মাশরাফি, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে ৫.৫ ওভারে সমান রানে ৬ উইকেট পান রুবেল।
এনগারাভাকে ফিরিয়ে জুটি ভাঙলেন নাহিদ রানা। তাঁর উইকেট এখন ৬। জিম্বাবুয়ে ৯ উইকেটে করেছে ১৩৩ রান।
নবম উইকেটে পঞ্চাশ পেরোনো জুটি গড়েছেন এনগারাভা ও নিয়ামুরি। এর মধ্যে তানজিদ ক্যাচ ছেড়েছেন এনগারাভার। এক শর আগেই ৮ উইকেট হারানো জিম্বাবুয়ে এখন চোখ রাখছে দেড়শতে। ৩১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে তারা।
৫ উইকেট পেয়ে গেলেন নাহিদ রানা। ১৩ ওয়ানডের ক্যারিয়ারে তৃতীয়বার ৫ উইকেট পেলেন তিনি। আজ ৬ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান। তাঁর গতি, বাউন্স, ইয়র্কারে রীতিমতো বিধ্বস্ত জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ৮ উইকেট নেই তাদের।
বাংলাদেশের পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ফাইফার এখন নাহিদের। সবার উপরে আছেন ছয়বার ৫ উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমান।
নাহিদের গতিতে নাজেহাল জিম্বাবুয়ে। এবার তাঁর অফ স্টাম্পের বাইরের বলে থিতু হয়ে যাওয়া ইনোসেন্ট কাইয়া ক্যাচ দিয়েছেন। ৩৯ বলে তিনি করেছিলেন ২৬ রান। ৭ উইকেটে এখন জিম্বাবুয়ের রান ৬৯।
এবার মাদানধেকে ফেরালেন নাহিদ রানা। তাঁর বলে সহজ ক্যাচ দিয়েছেন ২ রান করা এই ব্যাটসম্যান। ৫৪ রানে এখন জিম্বাবুয়ের ৬ উইকেট নেই। এক শ করাটাই কঠিন মনে হচ্ছে!
এবার আউট ওয়েসলি মাধেভেরে। নাহিদ রানার বলে স্লিপে নাজমুল হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তিনি স্কোরবোর্ডে কোনো রানই যোগ করতে পারেননি।
জিম্বাবুয়ে: ১৪ ওভারে ৪৫/৪
১২ বলে ১ রান করে নাহিদ রানার বলে আউট হয়েছেন সিকান্দার রাজা। উইকেটকিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
হুট করে বিপদে জিম্বাবুয়ে। ২ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা। তাসকিন আহমেদের দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে গেছেন ক্রেইগ আরভিন। এটিই ছিল তাঁর মুখোমুখি হওয়া প্রথম বল।
উইকেট উইকেট এনে দেয়! উদ্বোধনী জুটিটা থিতুই হয়ে গিয়েছিল একরকম। মিরাজের দুর্দান্ত থ্রোয়ে রান আউটে প্রথম উইকেটটা পেয়েছিল বাংলাদেশ। এক বল পরই তাসকিনের বলে ক্যাচ তুলে দিলেন আরেক ওপেনার বেনেটও। ২৪ বলে তিনি করেছেন ১৭ রান।
৭ ওভারে জিম্বাবুয়ে ২ উইকেটে করেছে ৩৬ রান।
উদ্বোধনী জুটিটা ভাঙল রান আউটে। মিড অফে বল পাঠিয়ে দুই রান নিতে চেয়েছিলেন বেন কারান ও বেনেট। কিন্তু দ্বিতীয় রানটা শেষ করার আগেই বলটা ধরে দারুণ এক থ্রোতে স্টাম্প ভেঙেছেন মিরাজ।
সহজ ক্যাচ ছেড়ে দিলেন রিশাদ হোসেন। তাসকিন আহমেদের অফ স্টাম্পের বল চালিয়ে খেলেছিলেন ব্রায়ান বেনেট। গালি ক্যাচ গেলেও হাতে জমাতে পারেননি রিশাদ।
৪ ওভার শেষ, কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে ১৮ রান করেছে।
প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
একাদশে লিটন দাস নেই আজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে চোট পান তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি ও জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেলেননি। দলে থাকলেও আজ তিনি নেই। তাঁর অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়াবেন নুরুল হাসান।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। এর আগে এক ম্যাচের টেস্টে ইনিংস ও ৮৫ রানে হারে সফরকারি দল।