মালেশিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের দলে আছেন সাব্বির
মালেশিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের দলে আছেন সাব্বির

মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে খেলবেন বাংলাদেশের কোন ক্রিকেটাররা

দুটি টি–টুয়েন্টি আর তিনটি ৫০ ওভারের ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। ঢাকায় আইসিসির সহযোগী সদস্য দলটির সঙ্গে অবশ্য বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো দল খেলবে না, খেলবে হাই পারফরম্যান্স দল। সিরিজের দুটি টি–টুয়েন্টি ম্যাচের জন্য আজ সেই দল ঘোষণা করেছে বিসিবি।

এসএম মেহরব হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের হাই পারফরম্যান্স দলের ৫ ক্রিকেটারের আছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা। ৩৪ বছর বয়সী সাব্বির রহমান সে তালিকায় সবচেয়ে অভিজ্ঞ নাম। জাতীয় দলের হয়ে ৪৮টি টি–টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তাঁর; খেলেছেন টেস্ট এবং ওয়ানডেও।

সাব্বির ছাড়াও জাতীয় দলের হয়ে খেলেছেন বিসিবি হাইপারফরম্যান্স দলে থাকা শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার, আবু হায়দার ও রাকিবুল হাসান। সঙ্গে আছেন জিসান আলম–জাওয়াদ আবরারের মতো তরুণ আক্রমণাত্মক ব্যাটসম্যানরা।

মালয়েশিয়া জাতীয় দল সর্বশেষ বাংলাদেশের কোনো দলের বিপক্ষে খেলেছে ২০২৩ সালের এশিয়ান গেমসে। সেবার অবশ্য বাংলাদেশ জাতীয় দলকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল তারা। বাংলাদেশের ২ রানে জেতা সে ম্যাচটিই এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের একমাত্র সাক্ষাৎ। সেবার বাংলাদেশ দলে ছিলেন এবারের এইচপি দলে থাকা শামীম আর রাকিবুলও।

৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দুটি টি–টুয়েন্টি ম্যাচ। ১২, ১৪ ও ১৬ আগস্ট তিনটি ৫০ ওভারের ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। বিদেশি কোনো দল এবারই প্রথম খেলবে মাঠটিতে।

বাংলাদেশ এইচপি দল: এসএম মেহরব হাসান (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার, আবু হায়দার, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান, ইকবাল হোসেন।