শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের

শেষ ওভারে দরকার ছিল ১১ রান। অন্তত একটা বাউন্ডারি হাঁকাতেই হতো শ্রীলঙ্কা ‘এ’ দলকে। ফাহিমা খাতুনের করা ওভারটিতে তারা দৌড়ে ৮ রান নিতে পারলেও বাউন্ডারি পায়নি। তাতে ব্যাংককে শ্রীলঙ্কা ‘এ’ দলকে আজ ৩ রানে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

আগে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয়ে গিয়েছিল মাত্র ১১৫ রান। জয়ের লড়াইটা তাই করতে হয়েছে বোলারদেরই। রান তাড়ায় শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও রানের গতিটা ঠিক রেখেছিল শ্রীলঙ্কা। হানসিমা করুণারত্নে ৩ নম্বরে নেমে ৩১ বলে করেন ২৬ রান।

৬৫ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে ৩০ রান তুলে তো বাংলাদেশ ‘এ’ দলকে ভয়ই ধরিয়ে দিয়েছিলেন আমা কানচানা ও সাচিনি নিশানসালা। তবে তাঁদের দুজনের বিদায়ের পর বাকি ব্যাটসম্যানরা মিলে শেষ কাজটা করে আসতে পারেননি।

পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার মেয়েদের ‘এ’ দল করতে পারে ১১১ রান। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন সানজিদা আক্তার।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটাও মন্দ ছিল না। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন ইশমা তানজিম ও শামীমা সুলতানা। ১৯ বলে ১৭ রান করে শামীমার আউটে ভাঙে এই জুটি। আরেক ওপেনার ইশমা তানজিম করেন ৪ চারে ২৫ বলে ৩০ রান। তিনে নামা শারমীন সুলতানার ব্যাট থেকে আসে ২৭ বলে ২৯।

তাঁর বিদায়ের পরই ধস নামে বাংলাদেশ নারী ‘এ’ দলের ইনিংসে। ৪০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অলআউট ১১৫ রানেই। শেষ ৭ ব্যাটসম্যানের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের সাচিনি নিশানসালা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন।