শাহিন আফ্রিদি ও বাবর আজমকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে
শাহিন আফ্রিদি ও বাবর আজমকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে

বাবর-শাহিনদের ‘সময় শেষ’ দেখছেন পাকিস্তানের সাবেকরা

ভারতের কাছে পাকিস্তান আগেও হেরেছে। তবে রোববার কলম্বোয় সালমান আগার দল যেভাবে হেরেছে, তা নজিরবিহীন। টসে জিতে পরে ব্যাটিং বেছে নেওয়া, এরপর ১৭৫ রান তাড়ায় ১১৪ রানেই অলআউট হয়ে ৬১ রানে হার, যা ভারতের বিপক্ষে রানের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় হার।

এমন ফলের পর স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা অসন্তুষ্ট, ক্ষুব্ধ। তবে কয়েকজন সাবেক ক্রিকেটার ক্ষোভ শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেননি, দলের সিনিয়র ক্রিকেটারদের নাম উল্লেখ করে তাঁদের বাদ দেওয়ার দাবিও তুলেছেন। এই ক্রিকেটারদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক বাবর আজম ও শাহিন আফ্রিদি এবং সাবেক সহ-অধিনায়ক শাদাব খান। টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পরের ম্যাচে তাঁদের জায়গায় তরুণ খেলোয়াড়দের দেখতে চান শহীদ আফ্রিদি, মোহাম্মদ ইউসুফরা।

বোলিংয়ে শাহিন ছিলেন একমাত্র পেসার। অধিনায়ক সালমান তাঁকে দিয়ে দুই ওভার বোলিং করিয়েছেন। ইনিংসের শেষ দুই বলে দুই উইকেট নিলেও তার আগে দিয়েছেন ৩১ রান। ম্যাচে তাঁর প্রথম দুই বলে চার ও ছক্কা মেরেই হাত খোলা শুরু করেন ঈশান কিশান, যিনি শেষ পর্যন্ত ৭৭ রানের ইনিংস খেলেন।

আবার পাকিস্তান যখন ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে, তখন বাবর দৃষ্টিকটু এক ‘স্লগ’ শট খেলতে গিয়ে আউট হন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে তিনি ৭ বল খেলে করেন ৫ রান। এ ছাড়া আরেক অভিজ্ঞ ক্রিকেটার শাদাব এক ওভার বোলিং করে দেন ১৭ রান, ব্যাট হাতে করেন ১৫ বলে ১৪ রান।

তিন অভিজ্ঞ ক্রিকেটারের এমন পারফরম্যান্সের পর তাঁদের আর একাদশে রাখার যৌক্তিকতা দেখছেন না সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের টি-টুয়েন্টি স্কোয়াডে নতুন মুখদের সুযোগ দেওয়ার সময় এসেছে উল্লেখ করে তিনি এক্সে লিখেছেন, ‘শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-টুয়েন্টি স্কোয়াডে নতুন পারফরমার দরকার, দুর্বল দলগুলোর বিপক্ষে নামমাত্র জয় নয়।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও একটি পাকিস্তানি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে একই সুরে কথা বলেছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের নামাতে বলেছেন তিনি, ‘আমাকে যদি এখানে সিদ্ধান্ত নিতে হয়, তবে আমি বলব বাবর, শাহিন ও শাদাবকে বাদ দাও। নামিবিয়ার বিপক্ষে নতুন খেলোয়াড়দের সুযোগ দাও এবং তাদের আত্মবিশ্বাস তৈরি করো। আমরা অনেক দিন ধরেই দেখছি যে সিনিয়র খেলোয়াড়েরা ভালো দলগুলোর বিপক্ষে ভালো পারফর্ম করতে পারছে না। আর তারা যদি না পারে, তবে অন্যদের সুযোগ দাও।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি

পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ সিনিয়রদের মধ্যে বাবরের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। টি-টুয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার কারণে মাঝে এক বছর দলের বাইরে থাকা এই ক্রিকেটারকে নিয়ে শেহজাদ এক্সে লিখেছেন, ‘বাবর আবারও বিদায় নিল। হয়তো এই ফরম্যাটে নিজের যোগ্যতা প্রমাণের শেষ সুযোগ ছিল এটি।’

গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে। সুপার এইটে উঠতে হলে ম্যাচটি সালমানদের জিততেই হবে, হেরে গেলে বিদায়।