সেঞ্চুরি পেয়েছেন মাহফিজুল
সেঞ্চুরি পেয়েছেন মাহফিজুল

জাতীয় ক্রিকেট লিগ

মাহফিজুলের সেঞ্চুরি, জাকিরের টানা তিন ফিফটি

তৃতীয় রাউন্ডের প্রথম দিনে তিন ম্যাচেই ছিল বোলারদের দাপট। বোলাররা ব্যর্থ শুধু কক্সবাজারে। সেখানে সারা দিনে পড়েছে চার উইকেট।

মাহফিজুলের আরেকটি সেঞ্চুরি

৭০ ও ১০০ রানের দুটি ইনিংস খেলেই এবারের জাতীয় লিগ শুরু করেছিলেন মাহফিজুল ইসলাম। ময়মনসিংহ বিভাগের ওপেনার আজ কক্সবাজারে তৃতীয় রাউন্ডের ম্যাচে পেয়ে গেলেন আরেকটি সেঞ্চুরি। ঢাকা বিভাগের বিপক্ষে ১১৬ রানে অপরাজিত আছেন মাহফিজুল। ২৩৭ বলে ৯টি চার ও ১টি ছক্কা মারা মাহফিজুলের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তৃতীয় সেঞ্চুরি। তাঁর দল দিন শেষ করেছে ৪ উইকেটে ২২৬ রান তুলে।

জাকিরের আরেকটি ফিফটি

৬০ ও ৬৫–এর পরে এবার অপরাজিত ৭১—জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় ফিফটি পেয়েছেন সিলেট বিভাগ অধিনায়ক। এবারের লিগে তিন ম্যাচে তিনবারই ব্যাটিং করেছেন সিলেট ওপেনার। পায়ের পেশিতে টান পড়ায় আজ উঠে যেতে বাধ্য হন জাকির।

জাকির হাসান

চট্টগ্রামে তাঁর দল ভালো করতে পারেনি। রংপুরের বিপক্ষে তৃতীয় রাউন্ডের প্রথম দিনে অলআউট হয়েছে ১৭৯ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান নয়ে নামা খালেদ আহমেদের। রংপুরে পেসার মেহেদী হাসান ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম নিয়েছেন ৩টি করে উইকেট। রংপুর দিন শেষ করেছে ১ উইকেটে ৩২ রান তুলে।

সিলেটে বোলারদের দাপট

সিলেট একাডেমি মাঠে খুলনা–চট্টগ্রাম ম্যাচে প্রথম দিনে উইকেট পড়েছে ১৩টি। খুলনা ২০১ রানে অলআউট হওয়ার পর ৩ উইকেটে ৭২ রান তুলে দিন শেষ করেছে চট্টগ্রাম। খুলনার হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন উইকেটকিপার ইমরানউজ্জামান। এ ছাড়া ওপেনার আজিজুল হাকিম করেছেন ৪২ রান। চট্টগ্রামের পেসার আহমেদ শরীফ ৪০ রানে পেয়েছেন ৩ উইকেট।

সানজামুলের ৪ উইকেট

সানজামুল ইসলাম

রাজশাহীতে বরিশাল অলআউট ২২৯ রানে। রাজশাহীর অভিজ্ঞ স্পিনার সানজামুল ইসলাম পেয়েছেন ৪ উইকেট। ১১.১ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এ ছাড়া বাঁহাতি পেসার শফিকুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট। বরিশালের উইকেটকিপার মোহাম্মদ আবদুল্লাহর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪১ রান। রাজশাহী দিন শেষ করেছে ১ উইকেটে ২৪ রান তুলে।