ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণের আসরের ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বিসিবি। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।
অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মে মাসেই তামিম প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেন। ছয় মাসের ব্যবধানে তা আরও বাড়িয়ে করা হয়েছে দেড় লাখ টাকা।
বিসিবির টুর্নামেন্টে (এনসিএল ও বিসিএল) একদিনের সংস্করণে ম্যাচ ফি হিসেবে এত দিন ৫০ হাজার টাকা করে পেতেন ক্রিকেটাররা। এখন তা বেড়ে হয়েছে এক লাখ টাকা। টি–টুয়েন্টিতে ৪০ হাজার টাকার ম্যাচ ফি বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা। তবে ঢাকার ক্লাব ক্রিকেট এর আওতার বাইরে।
বিসিবি এর আগে জানিয়েছে, বিসিবি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমন জোড়াতালির বিপিএল আর করবে না তারা। কিন্তু বিপিএল না হওয়া মানে ক্রিকেটারদের আয়–রোজগারও কমে যাওয়া। বিসিবির এমন সিদ্ধান্ত তাই ক্রিকেটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে।
গত পরশু এ নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে এক বৈঠকে জাতীয় লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে ম্যাচ ফি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। সেটাই আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন বিসিবি সভাপতি তামিম।
ভবিষ্যতে ম্যাচ ফি আরও বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি, ‘আজ থেকে ২ বছর পর যখন এটাকে আবার রিভিউ করব, বিসিবির অবস্থান যদি ভালো থাকে, আয় যদি আরও বাড়ে আমরা এটাকে আরও বাড়াব।’
ম্যাচ ফি বাড়ানোয় একজন ক্রিকেটার বছরে ৩০ থেকে ৩৫ লাখ টাকা আয় করতে পারবেন বলে জানিয়েছেন তামিম। তবে একই সঙ্গে খেলোয়াড়দের কাছে থেকেও আরও বেশি পেশাদারত্ব চান তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তরফ থেকে যে চাওয়া, এটা এখন ওদেরও (ক্রিকেটারদের) পূরণ করতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেটে পেশাদারত্ব নিয়ে অনেক ধরনের আলোচনা হয়। ওটাতে কোনো ছাড় নেই। যখন কেউ ফিটনেস টেস্ট পাস না করে এটা নিয়ে অনুরোধ করে...এগুলা কিছু শোনা হবে না।’
এদিকে ছেলেদের মতো মেয়েদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণাও দিয়েছেন তামিম। মেয়েদের প্রথম শ্রেণির এতদিন তিন দিনের ছিল, সেটা এখন টেস্টের জন্য প্রস্তুত করতে চার দিনের হবে। আগে প্রথম শ্রেণির ক্রিকেটের জন্য ২০ হাজার টাকা ম্যাচ ফি পেতেন নারী ক্রিকেটাররা, এখন ৪০ হাজার টাকা পাবেন। এছাড়া একদিনের ম্যাচে ২০ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার ও টি–টুয়েন্টিতে ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা ম্যাচ ফি করা হয়েছে।