বোলিং শুরু করেছেন নাহিদ রানা। মিরপুর একাডেমি মাঠে
বোলিং শুরু করেছেন নাহিদ রানা। মিরপুর একাডেমি মাঠে

দেড় মাস পর বোলিংয়ে নাহিদ রানা, ম্যাচ খেলতে পারবেন কবে

জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের দাঁড়িয়ে দেখছিলেন, তাঁর পাশে ফিজিও বায়েজিদুল ইসলামও। মিরপুরের একাডেমি মাঠে আজ দুপুরে চোখ ছিল আরও অনেকেরই, ছিল ক্যামেরার লেন্সও। কারণ, তারকা পেসার নাহিদ রানা বোলিং শুরু করেছেন প্রায় দেড় মাস পর।

গত দুই বছরে বাংলাদেশের পেস বোলিংয়ে সবচেয়ে আলোচিত এই নাম চোটে পড়েন গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি। তাঁকে নিয়ে তখন আফসোস করেছেন অনেকেই।

অস্ট্রেলিয়ায় সিরিজ শেষ হওয়ার সপ্তাহখানেক পর আজ প্রথমবারের মতো বল হাতে অনুশীলন করেছেন নাহিদ রানা। একাডেমি মাঠে পেস বোলিং কোচ ও ফিজিওর সামনে ছোট্ট রানআপে বল করতে দেখা গেল তাঁকে।

নাহিদ শিগগিরই পুরো রানআপে বোলিং করবেন না বলেই জানা গেছে। তবে জাতীয় দলে ফিরবেন আগামী অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে। এখনো চূড়ান্ত না হলেও ওই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশের। জিম্বাবুয়ে খেলতে রাজি হলে ওয়ানডে সিরিজটি ত্রিদেশীয় সিরিজ হওয়ার আলোচনাও আছে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোটে পড়েন নাহিদ রানা

নির্বাচকদের একটি সূত্র জানিয়েছে, ওই সিরিজে যেকোনো এক সংস্করণে খেলবেন নাহিদ রানা। সেটা টেস্ট নাকি ওয়ানডে, তা সময় এলে তারা ঠিক করবে। এই সিরিজের আগে জাপানের নাগোয়াতে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে খেলবে বাংলাদেশ দল।

এশিয়ান গেমসে বাংলাদেশ পুরো শক্তির দল পাঠানোরই পরিকল্পনা করছে। কিন্তু আবাসন সমস্যার কারণে শেষ মুহূর্তে অন্য দলগুলো দ্বিতীয় সারির দল পাঠালে বাংলাদেশও ওই পথে হাঁটতে পারে। এশিয়ান গেমসে যে দলই যাক, তাতে নাহিদ রানা থাকবেন না, সেটা নিশ্চিত।

নাহিদের পুনর্বাসনের প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়া করতে চায় না বিসিবি। আগামী কিছুদিন তাই ছোট রানআপেই বল করবেন। অক্টোবরের আগেই নাহিদ ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।